লিমনের মায়ের নারাজি আবেদন খারিজ
লিমনকে হত্যা চেষ্টা ও পঙ্গু করার অভিযোগে র্যাবের বিরুদ্ধে তার মায়ের করা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে নারাজির আবেদন খারিজ করে দিয়েছে ঝালকাঠীর একটি আদালত।
এই মামলায় আসামি ছয় র্যাব সদস্যকে অব্যহতি দিয়ে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়ার পর লিমনের মা হেনোয়ারা বেগম বিচার বিভাগীয় তদন্তের আবেদন করেছিলেন।
শুনানি শেষে বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় বিচারিক হাকিম মো. শাহীদুল ইসলাম এ আদেশ দেন বলে জানান লিমনের আইনজীবী মানিক আচার্য্য।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ আদেশের রিভিউ পিটিশন করবেন তিনি।
২০১১ সালের ২৩ মার্চ র্যাবের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে পা হারান ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে কলেজছাত্র লিমন হোসেন।
এ ঘটনায় লিমনের বিরুদ্ধে রাজাপুর থানায় অস্ত্র ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে দুটি মামলা করে র্যাব।
তার মা হেনোয়ারা বেগম বাদী হয়ে লিমনকে হত্যা চেষ্টার অভিযোগে ওই বছরের ১০ এপ্রিল ছয় র্যাব সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
ওই মামলায় রাজাপুর থানা পুলিশ ২০১২ সালের ১৪ অগাস্ট র্যাব সদস্যদের নির্দোষ উল্লেখ করে মামলা থেকে অব্যহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদ দাখিল করে।
এই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে লিমনের মা ৩০ অগাস্ট ঝালকাঠীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নারাজি দিয়ে বিচার বিভাগীয় তদন্তের আবেদন করেন।
বুধবার দুপুরে বাদী হেনোয়ারা বেগমের উপস্থিতিতে আবেদনটির অধিকতর শুনানী অনুষ্ঠিত হয়।
লিমনেরর পক্ষে শুনানিতে অংশ নেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী সালমা জাবিন, মিজানুর রহমান এবং ঝালকাঠীর আইনজীবী নাসির উদ্দিন কবির, নাসিমুল হাসান, আক্কাস সিকদার ও মানিক আচার্য্য।
এদিকে র্যাবের দায়ের করা সরকারি কাজে বাধা দেয়ার মামলারও নির্ধারিত তারিখ ছিল বুধবার। লিমনের পক্ষে তার আইনজীবী মামলায় হাজিরা দেন। আদালত এ মামলায় আগামী ৩ এপ্রিল হাজিরার তারিখ রেখেছে, বলেন মানিক আচার্য্য ।
এ মামলায় ২০১২ সালের ১ জুলাই পুলিশ লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে।
