মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি
পুলিশ পরিচয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ডাকাতি করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ৩টার দিকে ইছবপুর গ্রামে এ ডাকাতি চলাকালে তিনজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন পাশের ভাড়াউড়া গ্রামের বাসিন্দা সিলেট বন বিভাগের সহকারী ফরেস্টার প্রতাপ দেব (৪০), নিরঞ্জন দেবের ছেলে সঞ্জিত দেব (৩৫) ও সিএনজি অটোরিকশা চালক মো. আশরাফ (৩০)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
গৃহকর্ত্রী কামরুন নাহার ডলি সাংবাদিকদের বলেন, ১০-১২ জন ডাকাত পুলিশের পরিচয় দিয়ে তাদের বাড়ির প্রধান ফটকের গ্রিল ভেঙে ভেতরে ঢোকে।
পরে অস্ত্রের মুখে সবাইকে আটকে রেখে পাঁচ ভরি স্বর্ণ, নগদ ১৬ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন সেট নিয়ে যায়।
এ সময় তাদের ভাড়াটে সিএনজি অটোরিকশা চালক মোশারফ এগিয়ে এলে তাকে ছুরিকাঘাত করে ডাকাতরা।
গৃহকর্ত্রীর জামাতা আবদুর রহমান রেনু বলেন, ডাকাতদের সবার হাতে দা এবং দু’জনের কাছে দুটি বন্দুক ও একটি পিস্তল ছিল বলে জানান বাড়ির আরেক সদস্য।
তিনি বলেন, এক পর্যায়ে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ও পুলিশ এলে ডাকাতরা ৬ রাউন্ড গুলি ছুড়ে পাশের ভাড়াউড়া চা বাগানের দিকে পালিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে ১টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ডাকাতদের ধরতে ও লুন্ঠিত মালামাল উদ্ধারে তৎপরতা চলছে।
লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন এসআই।
