পোশাক শিল্পকে বিশ্বমানে নিতে তৎপর সরকার: প্রধানমন্ত্রী
পোশাক শিল্পের কল্যাণ ও বিদ্যমান সমস্যা দূরীকরণে সরকার ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের মোট রপ্তানি আয়ের সিংহভাগ গার্মেন্টস খাত হতে আসে। কিন্তু দুঃখের বিষয় হলো অতীতে এ খাত সম্পর্কে সরকারি পর্যায়ে কোনো স্টাডি ছিলো না। এ সেক্টরকে আন্তর্জাতিক মানের শিল্প সেক্টরে পরিণত করতে সব পক্ষের করণীয় নির্ধারণে দেশের খ্যাতিমান সংস্থার মাধ্যমে স্টাডি কার্যক্রম নেয়া হয়েছে।”
তিনি জানান, গার্মেন্টস সেক্টরে উদ্ভুত সংকট বা সংকট সৃষ্টির আশঙ্কাকে উৎসমূলে সরেজমিনে তাৎক্ষণিকভাবে নিরসন করার জন্য স্থানীয় সংসদ সদস্যদের নেতৃত্বে সাতটি আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটি কাজ করছে।
এছাড়া এ শিল্পের সার্বিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তথা রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর নেতৃত্বে আরও ১০ মন্ত্রীর সমন্বয়ে একটি ‘গার্মেন্টস শিল্প বিষয়ক মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এর ফলে গার্মেন্টস সেক্টরের অগ্রগতির অন্তরায় নিরসন করে কাঙ্খিত উন্নয়ন সাধন করা সম্ভব হবে।
এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ডাল, তেল, চিনিসহ বিভিন্ন পণ্য টিসিবি’র মাধ্যমে সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। এজন্য এ খাতে দুই বছরে ১৪৬ কোটি ৬৭ লাখ টাকা ভর্তুকি দেয়া হয়েছে।
বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। এ সময় সংসদ নেতা অধিবেশনের উপস্থিত ছিলেন।
