সাভারে ৪ কারখানায় শ্রমিক বরখাস্ত
সাভার ও আশুলিয়ায় চারটি তৈরি পোশাক কারখানার ১৯৩ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকার ডেকো গ্রুপের তিন কারখানার ১৭৮ এবং সাভারের থানাস্ট্যান্ডের হ্যান এ্যাপারেলস লিমিটেডের ১৫ শ্রমিককে বরখাস্ত করার বিষয়ে নোটিশ মুল ফটকে ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।
ডেকো গ্রুপের তিন কারখানা হল আগামী এ্যাপারেলস লিমিটেড, শারমিন টেক্স লিমিটেড ও ইয়ক এ্যাপারেলস লিমিটেড।
শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল বাতেন খান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেন, অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেছেন, বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে এ চার কারখানার শ্রমিকরা কয়েকদিন ধরে আন্দোলন করছিল।
ডেকো গ্রুপের কর্মকর্তা নুর হোসেন বলেন, শ্রমিকরা অযৌক্তিক দাবি তুলে আন্দোলন শুরু করলে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়। শুধু উচ্ছৃঙ্খল শ্রমিকদেরকেই কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে।
হ্যান এ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।
