২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে নিরাপত্তা বাড়িয়েছে র‌্যাব

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণের কেন্দ্র হয়ে ওঠা শাহবাগের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 10:28 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান বুধবার দুপুরে শাহবাগ এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, বিস্ফোরক সনাক্তকরণে মেটাল ডিটেক্টরের পাশাপাশি ডগ স্কোয়াড নামানো হয়েছে। র‌্যাবের পক্ষ থেকেও ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

এর আগে এই এলাকায় ৩২টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের কথা জানিয়েছিল পুলিশ।

তিনি জানান, শাহবাগ ও এর আশপাশের এলাকায় র‌্যাবের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া আশপাশের উঁচু ভবন থেকেও সতর্ক পর্যবেক্ষণ রয়েছে।

এর আগে গত সোমবার রাতে ওই এলাকা পরিদর্শন করে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ।

সেদিন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, এই এলাকা নিরাপত্তায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। চৌরাস্তায় সমাবেশের মূল মঞ্চসহ পুরো এলাকা ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে।

এছাড়া প্রবেশপথগুলোতে পুলিশের পাহারা বসানো হয়েছে বলে জানান তিনি।

বিক্ষোভ শুরুর পর থেকে শাহবাগ মোড় দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শুরু হয় শাহবাগে অবস্থান কর্মসূচি। ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক এই আন্দোলনের ডাক দিলেও গত নয় দিন ধরে বিভিন্ন শ্রেনি-পেশা ও নানা বয়সে লাখো মানুষ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।