২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসির দাবি ফুলের মালায়

পহেলা ফাল্গুনে বসন্ত বরণে হলুদ শাড়ি আর বাসন্তী পাঞ্জাবি থাকলেও কণ্ঠে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি নিয়ে শাহবাগে সমবেত হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফয়জুল সিদ্দিকী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 07:07 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

পুরনো খবর:

বসন্ত উৎসব ১৪১৯

সকাল থেকেই চারদিক থেকে শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে থাকেন স্কুল ছাত্রী-শিক্ষক, গৃহবধূ, ছাত্র-যুবাসহ সর্বস্তরের মানুষ। হলুদ শাড়ির সঙ্গে মিল রেখে খোপায় বাহারি ফুলের সজ্জার জায়গায় এবার অনেক তরুণী বেছে নিয়েছেন ‘রাজাকারে ফাঁসি চাই’, ‘যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’ লেখা ব্যান্ড, আছে জাতীয় পতাকাও। 

বসন্তের ফুলে শাহবাগের রাস্তা রাঙিয়ে লেখা হয়েছে ‘ফাঁসি চাই- যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’। বসন্তের অনুষ্ঠানেও দেখা যায় প্রতিবাদের সুর।

সকাল সাড়ে ৭টায় চারুকলার বকুল তলায় যন্ত্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত আবাহন। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের অনুষ্ঠান থেকে ভেসে আসে জাগরণী গানও।

আর শাহবাগে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে দিন-রাত চলতে থাকা আন্দোলনের নবম দিন শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। ভোর সাড়ে ৬টায় গণজাগরণ মঞ্চ থেকে যখন ভেসে আসে- আমার সোনার বাংলা/আমি তোমায় ভালবাসি- উঠে দাঁড়িয়ে সেই সুরে কণ্ঠ মেলান সমবেত সবাই।

তাদের যোগ দিয়ে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আওয়াজ তোলেন বসন্তবরণে আগতরা।

এদের একজন গৃহিণী কামরুন নাহার, যার পরণে বাসন্তী রংয়ের শাড়ি-মাথায় বাঁধা ব্যান্ডে লেখা যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এবার বসন্ত পালন করতে এসেছি শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি তুলতে।”

Image
চারুকলার বকুলতলায় বসন্তবরণ

চারুকলার বকুলতলায় বসন্তবরণ

দেশকে পাকিস্তানি হানাদার ও রাজাকারমুক্ত করতে একাত্তরে বাবা অস্ত্র হাতে লড়াই করেছেন জানিয়ে তিনি বলেন, তার অসমাপ্ত কাজ শেষ করার দায় তাড়িয়ে বেড়ায়। তাই সুযোগ পেলেই চলে আসেন শাহবাগে-রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার স্লোগান তুলতে।

“একটাই দাবি যুদ্ধাপরাধীদের দিয়ে ফাঁসি দেশবিরোধী এই শক্তিকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করতে হবে।”

শিক্ষার্থীদের আগ্রহে শাহবাগে না এসে পারেননি মগবাজার গার্লস স্কুলের শিক্ষিকা সুলতানা পারভিন। স্কুলের ছাত্রীদের নিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন তিনি।

“আমাদের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিতে অনেক আগ্রহী। তাদের নিরাপত্তার কথা ভেবে নিজেরাই তাদের আন্দোলনে নিয়ে এসেছি”, বলেন এই শিক্ষিকা।

এছাড়া সকাল থেকে বিএএফ শাহীন কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, ঢাকা কমার্স কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা দল বেধে চলে আসেন শাহবাগে গণজাগরণ মঞ্চে।

বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী মেহবুবা সুলতানা জানান, তাদের কলেজে দুজন শিক্ষক আছেন বীরাঙ্গনা। তাদের খুব কাছ থেকে দেখি-যুদ্ধদিনের কথাও শুনেছি তাদের কাছ থেকে।

“তাই একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তখন যারা নির্যাতিত হয়েছেন তাদের বিচার দাবিতে আমরা শাহবাগের এই আন্দোলনে এসেছি।”

একটাই দাবি- সব যুদ্ধাপরাধীর ফাঁসি, স্লোগান দিতে দিতে আবার আন্দোলনের অংশ হয়ে যান সুলতানা।