অর্ধশত সরকারি গাছ কাটলেন অধ্যক্ষ
শরীয়তপুরের গোসাইরহাট সামসুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরকারি জায়গার অর্ধশত গাছ কেটে ফেলেছেন।
গোসাইরহাট উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলী আকবর সরদার জানান, কলেজের সামনের রাস্তা এবং কলেজ ক্যাম্পাসের মধ্যে থাকা প্রায় অর্ধশত মেহগনি, রেইনট্রি ও কড়ই গাছ শ্রমিক দিয়ে কাটিয়েছেন।
এসব গাছের আনুমানিক মূল্য চার থেকে পাঁচ লাখ টাকা বলে তিনি জানান।
কলেজের অধ্যক্ষ এস এম আবুল বাশার বলেন, “কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্তে গাছ কেটেছি।”
এসব গাছ কলেজের কাজে ব্যবহার করা হবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলন, “গাছকাটার কথা শুনে সার্ভেয়ারকে তদন্ত করে রিপোর্ট দেয়ার নির্দেশ দিয়েছি।”
বনবিভাগের রেঞ্জার মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, অধ্যক্ষের গাছ কাটার বিষয়টি তারা জানেন না এবং এ বিষয়ে কোনো আবেদনও তারা পাননি। বনবিভাগের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান বা সরকারি জায়গার গাছ কাটা যায় না।
