শাহবাগে নিরাপত্তা জোরদার
ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনসহ নানা বন্দোবস্তে শাহবাগ এখন নিরাপত্তার চাদরে মোড়া বলে জানিয়েছে পুলিশ।
আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শুরু হয় শাহবাগে অবস্থান কর্মসূচি।
অবস্থান শুরুর কয়েক ঘণ্টার মধ্যে তা হাজারো মানুষের সমাবেশ পরিণত হয়। গত শুক্রবার সমাবেশে অংশ নেয় লাখো মানুষ।
যুদ্ধাপরাধের বিরুদ্ধে শাহবাগে অবস্থান কর্মসূচির শুরুর দিন থেকে সেখানে নিরাপত্তা দিতে কাজ করে আসছে পুলিশ।
দিন-রাত অবস্থান এবং মঙ্গলবার জামায়াতে ইসলামীর বিক্ষোভের কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহবাগ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।”
নিরাপত্তার কাজ সমন্বয় করতে অচিরেই একটি নিয়ন্ত্রণ কক্ষও চালু হতে যাচ্ছে বলে জানান তিনি।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদও রাতে শাহবাগ গিয়ে নিরাপত্তা ব্যবস্থার তদারক করেন।
বিক্ষোভ শুরুর পর থেকে শাহবাগ মোড় দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। পশ্চিমে আজিজ সুপার মার্কেটে পুলিশের পাহারা বসিয়েছে। শেরাটনের সামনেও রয়েছে পাহারা।
নুরুল ইসলাম বলেন, “প্রথম দিন থেকেই শাহবাগে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল, যা আজ আরো জোরদার করা হয়েছে।”
রোববার রাতে শাহবাগ চত্বর এবং এর আশেপাশে ৩২টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।
সমাবেশের মূল মঞ্চ চৌরাস্তায়, সেটিসহ পুরো এলাকা এখন ক্যামেরার নজরদারিতে।
পুলিশ কর্মকর্তা নুরুল বলেন, “সাদা পোশাক এবং ইউনিফর্মে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা আছে। এই এলাকায় ঢুকার জন্য চারটি প্রবেশপথ আমরা চিহ্নিত করেছি। প্রত্যেকটি প্রবেশপথ দিয়েই শাহবাগে প্রবেশকারীদের ব্যাগ চেক করা হচ্ছে।”
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম হাসপাতালের ছাদ, দুটি ফুটওভার ব্রিজকে ওয়াচ টাওয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।
“নিরাপত্তার সার্বিক কাজ সমন্বয় করতে আমরা শাহবাগ মোড়ের পুলিশ বক্সে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করতে যাচ্ছি। এই জন্য কাজ চলছে। দ্রুত এটা চালু হবে বলে আশা করছি,” বলেন উপকমিশনার নুরুল ইসলাম।
