শাবিতে ভাস্কর্য নির্মাণের দাবিতে বিক্ষোভ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
রোববার দুপুর ১টায় মুক্তমঞ্চের সামনে জড়ো হয়ে এক হাজারের বেশি মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর গোলচত্ত্বরে এসে ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট করে তারা।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অংশ নেন।
শাবিতে বহুল প্রতীক্ষিত মুক্তিযুদ্ধের ভাস্কর্যের কাজ আপাতত বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার সিলেটে ১৪ দলের এক সভায় ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শিক্ষার্থীরা অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, বিশ্ববিদ্যালয় কোনো মন্ত্রীর কথায় চলে না। ভাস্কর্য হবে কিনা তা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়।
অবস্থান ধর্মঘটের সময় ভাস্কর্য বিরোধী অপপ্রচার চালানোর অভিযোগ তুলে দৈনিক নয়া দিগন্ত, আমার দেশ ও স্থানীয় সিলেটর ডাক পত্রিকা পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
অবস্থান ধর্মঘটে শিক্ষার্থীরা নির্মাণাধীন মুক্তিযুদ্ধের ভাস্কর্যের কাজ দ্রুত শেষ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানান।
অন্যদিকে ভাস্কর্য নির্মাণ বন্ধ করে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুস্পষ্ট জবাবের দাবি জানিয়ে ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করেছে সিলেটের ভাস্কর্য প্রতিরোধ সম্মিলিত সংগ্রাম পরিষদ।
তবে পুলিশের বাধায় ওই পরিষদের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি।
