২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই গণজাগরণ থেকে শিক্ষা নেয়ার আছে’

শাহবাগের গণজাগরণ থেকে রাজনীতিবিদদের শিক্ষা নেয়ার অনেক কিছু রয়েছে বলে মনে করেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 10:53 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

রোববার নরসিংদীর ভেলানগরে ফুট ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “শাহবাগের তারুণ্যের অবিস্মরণীয় গণজাগরণের বার্তা হলো, মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতির গুণগত পরিবর্তন।”

‘জয় বাংলা’ এখন জাতীয় স্লোগানে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের রণধ্বনি ‘জয় বাংলা’এতদিন আওয়ামী লীগের দলীয় স্লোগান থাকলেও শাহবাগের এ গণজাগরণের মধ্য দিয়ে তা আজ গোটা জাতির স্লোগানে পরিণত হয়েছে।”

তারুণ্যের এ গণজাগরণকে ৪০ বছরের পুঞ্জিভূত গ্লানি থেকে পূর্ণাঙ্গ মুক্তির জাগরণ বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ২৮ মিটার দীর্ঘ এই ফুট ওভারব্রিজটি ৪ মাস মেয়াদে নির্মিত হবে।