ফাঁসির দাবি পাড়ায়-মহল্লায়
শাহবাগের গণজাগরণ ক্রমেই ছড়িয়ে পড়ছে রাজধানীর পাড়ায়-মহল্লায়। সবার কণ্ঠে যুদ্ধাপরাধীদের ফাঁসি আর জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবি।
শনিবার রাজধানীর মিরপুরে বাংলা কলেজ, শেওড়াপাড়ায়, সনি সিনেমা হলের সামনে মঞ্চ স্থাপন করে বিক্ষোভ করতে দেখা যায় শত শত তরুণকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেগুফতা হাসনাইন সুরুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিরপুরের বাঙলা কলেজের কাছে তুলারবাগে ‘শহীদ পল্লব কণ্ঠ’ ব্যানারে কাদের মোল্লার ফাঁসি দাবিতে বিক্ষোভ চলছে।
এছাড়া সনি সিনেমা হলের কাছেও একই দাবিতে বিক্ষোভ করতে দেখেছেন তিনি।
সনি সিনেমার সামনে কথা হয় আরিফুর রহমান নামে এক শিক্ষার্থীর সঙ্গে। বাঙলা কলেজের এই শিক্ষার্থী বলেন, এই আন্দোলন থামানো যাবে না। ছড়িয়ে দিতে হবে পাড়ায়, মহল্লায়। নিজের দায়িত্ববোধ থেকেই এখানে এসেছি।
মিরপুর বিভাগের পুলিশের উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তুলারবাগে কাদের মোল্লার ফাঁসির দাবিতে শুক্রবার থেকে বিক্ষোভ করছে তরুণ ও যুবারা।
মিরপুরের শেওড়াপাড়ায় একটি ট্রাকে করে একই দাবিতে বিক্ষোভ করতে দেখা গেছে বলে জানান তিনি।
কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ চলছে শাহবাগে। ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হওয়ার পর তা প্রত্যাখ্যান করে শাহবাগে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।
শুক্রবার ‘প্রজন্ম চত্বরে’ লাখো মানুষের অংশগ্রহণে হয় আন্দোলন অব্যাহত রাখার শপথ। রাজধানী ছাড়াও সারাদেশে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
