২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সংহতি জানাতে গিয়ে বাধা পেলেন মন্ত্রী

কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে চট্টগ্রামে সমাবেশে সংহতি জানাতে গিয়ে বাধার মুখে ফিরে এসেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফসারুল আমীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 03:04 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

শনিবার বিকালে চট্টগ্রামের প্রেসক্লাব চত্বরে সমাবেশে সংহতি জানাতে আসেন মুক্তিযোদ্ধা এ মন্ত্রী।

এসময় মাইকে মন্ত্রীর সংহতির ঘোষণা দেয়া হলে উপস্থিত জনতা একসঙ্গে  ‘ফাঁসি চাই ফাঁসি চাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’ শ্লোগান দিতে থাকে।

তখন মন্ত্রীকে নিয়ে উপস্থিত হওয়া কয়েকজন প্রতিবাদস্থল ছেড়ে চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিতীয় তলায় চলে যান।

এ ঘটনার পর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আফসারুল আমীন সাংবাদিকদের বলেন, “যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তরুণ প্রজন্মের এ আন্দোলনের প্রতি আমার সমর্থন আছে। তারা তাদের মত করে কর্মসূচি পালন করছে। তাদের এ আন্দোলন রাজনৈতিক নয়।”

তারাও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির পক্ষে বলেই এ আন্দোলনে সংহতি জানাতে এসেছিলেন।

গণশিক্ষামন্ত্রী বলেন, ক্ষমতাসীন মহাজোট সরকারও যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে আন্তরিক। সেজন্যই ট্রাইব্যুনাল গঠন করেছে। কিন্তু বিচার প্রক্রিয়া ও রায়ের ব্যাপারে সরকারের কোনো হাত নেই। এটা সম্পূর্ণ আদালতের বিষয়।

আগের দিনও আন্দোলনে সংহতি জানাতে এসে বাধার মুখে ফিরে যান সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চতুর্থ দিনের এ সমাবেশে জামালখান প্রেসক্লাব চত্বর প্রকম্পিত হয়ে ওঠে ‘ফাঁসি’র দাবিতে আসা সমবেত জনতার শ্লোগানে।

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যান করে সকাল থেকেই প্রেসক্লাব চত্বরে আন্দোলনকারীরা অবস্থান নেয়। গণসংগীত, শ্লোগানে মুখরিত থাকে পুরো এলাকা।

এদিন চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর ছাড়াও নগরের গোলপাহাড় মোড়ে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবং নগরের অলঙ্কার মোড়ে মুক্তিযুদ্ধের পক্ষে নতুন প্রজন্ম ’৭১ নামে পৃথক দুটি সংগঠন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে।

এসব কর্মসূচিতেও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগানের পাশাপাশি  ছিল বক্তৃতা, গান ও আবৃত্তি।