শাহবাগে স্লোগান মেলাচ্ছে নিউ ইয়র্কও
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে গণজাগরণের ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে গেছে।
আব্দুল কাদের মোল্লাসহ সব রাজাকারের ফাঁসির দাবিতে নিউইয়র্কেও তিন দিন ধরে বিক্ষোভ-সমাবেশ চলছে।
গত মঙ্গলবার কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে শাহবাগে জনতার বিক্ষোভ চলছে।
৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে খাবার বাড়ির সামনে ‘ঘাতকদের ফাঁসি চাই/আর কোনো দাবি নাই’ স্লোগান দিয়ে সমবেত হন প্রবাসীরা।
এ কর্মসূচির প্রধান উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী।
মুক্তিযোদ্ধা সংসদ, প্রজন্ম একাত্তর, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নিউ ইয়র্ক শাখার নেতা-কর্মীরা সমাবেশে অংশ নিচ্ছেন।
‘শাহবাগ আন্দোলন’র সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে বক্তব্য দেন নূরনবী কমান্ডার, আইরিন পারভিন, এম এ বাতেন, এন আমিন, খোরশেদ খন্দকার, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, মিথুন আহমেদ, এম এ করিম জাহাঙ্গির, তৈয়বুর রহমান টনি, শাহীন ইবনে দিলওয়ার, নুরুজ্জামান সর্দার, আব্দুল হামিদ, মোস্তফা কামাল পাশা, দুরুদ মিয়া রনেল, জাহাঙ্গির আলম, ইসমত হক খোকন, মমিনুল হক সুমন, মণিকা রায়, জামালউদ্দিন, টি ইসলাম মাসুম, আশরাফ আলী খান লিটন, শহীদ সিরাজ সৌরভ, সেলিম খান প্রমুখ।
