ভালুকায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৪
ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনা চালকসহ চার জন মারা গেছেন, আহত হয়েছেন ১১ জন।
পুলিশ জানায়, শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আমতলীতে এই দুর্ঘটনা ঘটে। ভালুকার সিডস্টোর থেকে ছেড়ে আসা লেগুনাটি বাদশাহ ও আরিফ টেক্সটাইল মিলের শ্রমিকদের বহন করছিল।
ঘটনাস্থলেই নিহত হন চালক আবুল হোসেন (২০)।তার বাড়ি উপজেলার পাড়াগাঁও গ্রামে।
ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পর মারা যান আকবর আলীর স্ত্রী ফাতেমা (৩৭) ও মোকলেছুর রহমানের স্ত্রী হালিমা (২৭)। তাদের বাড়ি ভালুকার তালাবহ গ্রামে।
এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রফিক (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
হতাহতরা সবাই লেগুনার যাত্রী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ভালুকা থানার ওসি মোতালেব মিয়া।
তিনি জানান, “ট্রাকটির সঙ্গে সংঘর্ষের পর লেগুনাটি দুমড়ে-মুচড়ে রাস্তের পাশে ছিটকে পড়ে। আহতদের প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান মোতালেব।
