৩৬ মিয়ানমার নাগরিককে ফেরত
বাংলাদেশে অনুপ্রবেশকারী ৩৬ মিয়ানমার নাগরিককে আটকের পর স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
শুক্রবার বিজিবির পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
বিজিবি’র কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উখিয়ার বালুখালী, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তমব্রু সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের ১৬ নাগরিককে আটক করার পর ফেরত পাঠানো হয়।
টেকনাফের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বলেন, হোয়াইক্যং থেকে অনুপ্রবেশকারী মিয়ানমারের ১৫ জন, টেকনাফ পৌর এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের ৫ জনকে আটক করে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
