২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আন্তর্জাতিক মিডিয়ায় অপপ্রচার বন্ধ কর’

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে উত্তাল গণজাগরণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশিত হয়েছে বলে অভিযোগ উঠেছে মহাসমাবেশ থেকে।

হুসাইন আহমদ

সুজন মণ্ডল ও , বিডিনিউজ  টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

শুক্রবার ছাত্র-যুব মহাসমাবেশে লাখো মানুষের কণ্ঠে সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে প্রকম্পিত হয় রাজধানীর শাহবাগ। মহাসমাবেশের জাগরণের মঞ্চ থেকে বলা হয়, আন্তর্জাতিক মিডিয়ায় আমাদের এই গণজাগরণ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। আন্তর্জাতিক মিডিয়ার এদেশের কিছু রাজাকারের সাক্ষাৎকার নিয়ে অসত্য তথ্য সম্প্রচার করছে।

সমাবেশের এক পাশে বেশকিছু প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিল কয়েকজন তরুণ, যেগুলোতে লেখা রয়েছে- ‘আন্তর্জাতিক মিডিয়ায় অপপ্রচার বন্ধ কর’, ‘বিবিসি, আল-জাজিরা চ্যানেল দেখা বাদ দিন’ ‘শেইম টু বিবিসি’ ও ‘বিবিসিকে বয়কট করুন।’

প্ল্যাকার্ডধারী জীবনান্ত জয়ন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিবিসি প্রচার করেছে যে, শাহবাগের এই গণজাগরণে নাকি এক হাজার লোকের জমায়াত। আসলে এসব মিডিয়া সাক্ষাৎকার নেওয়ার জন্য বেছে নেয় সেইসব রাজাকারদের, যাদের বিরুদ্ধেই আজকের এই আন্দোলন।”

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের প্রথম রায়ে আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ড দেয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে ছাপা হলেও গণমাধ্যমগুলোতে আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে সুপরিচিত মুসলিম ধর্মপ্রচারক বা ক্ল্যারিক ইত্যাদি বলে সম্বোধন করা হয়।

কিছু গবেষকের বরাত দিয়ে তাদের নাম উল্লেখ না করে বিবিসির এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সরকার মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হওয়ার দাবি করলেও নিহতের সংখ্যা বড়জোর ৩ থেকে ৫ লাখ হতে পারে।

২১ জানুয়ারি রয়টার্সের খবরে বলা হয়, স্বাধীনতা যুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রামের সময় নৃসংশতার তদন্তে গঠিত বিতর্কিত সংস্থার প্রথম রায়ে সোমবার দেশের ‘একজন জনপ্রিয় ইসলাম ধর্মের প্রচারককে’ মৃত্যুদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

বিবিসির খবরে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে একজন জনপ্রিয় মুসলিম ধর্মপ্রচারককে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আদালত।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনের শিরোনাম করা হয়, ‘যুদ্ধাপরাধে টিভির ধর্মপ্রচারকের ফাঁসির আদেশ'। এ প্রতিবেদনে বলা হয়, রায়ে আন্তর্জাতিক কোনো তদারকি ছিল না। রাজনৈতিক প্রভাবে এ রায় দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

রয়টার্সের প্রতিবেদনেও প্রায় একই রকম শিরোনাম করা হয়। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, যুদ্ধপরাধের অভিযোগে একজন ধর্মপ্রচারক ও টিভির ধর্মীয় অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিতর্কিত ট্রাইব্যুনালে এ রায় দেওয়া হয়েছে বলে খবরে জানায় এপি।

আল-জাজিরার খবরেও ট্রাইব্যুনালকে বিতর্কিত উল্লেখ করে এই এটাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ থাকার কথা উল্লেখ করা হয়।

তবে এতে বলা হয়, এ রায় সরকার ও তার সমর্থকদের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে।

এভাবে খবর প্রচারের মাধ্যমে বাংলাদেশের সরকার আলেম-ধর্মপ্রচারকদের জুলুম-নিপীড়ন-নির্মূল করার মিশনে নেমেছে- মুসলিম বিশ্ব এমন ধারণা পাবে এবং এ রায়ের বিপক্ষে জনমত তৈরি হতে পারে বলে মনে করেন যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত অনলাইন অ্যাক্টিভিস্টরা।

যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে ট্রাইব্যুনালের সাবেক প্রধান বিচারপতির সঙ্গে একজন আইন বিশেষজ্ঞের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ ও বিশ্ব গণমাধ্যমে ট্রাইব্যুনাল সম্পর্কে নেতিবাচক ধারণা দিতে যুদ্ধাপরাধের নেতৃত্ব দেয়া দল জামায়াতে ইসলামীর দেশে-বিদেশে লবিং করছে মনে করেন তারা।

আর এখন এ ধরনের খবর পরিবেশনের সঙ্গে জামায়াতের সম্পৃক্ততা আছে বলেও তারা সন্দেহ প্রকাশ করেন।

তাদের অভিযোগ, মঙ্গলবার ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়ে যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধ সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়ার পর গণমাধ্যমগুলো যেভাবে জামায়াতের বিক্ষোভ মিছিলকে প্রচার করেছে, সেভাবে দেশজুড়ে কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শুরু হওয়া গণজাগরণ করে প্রচার করেনি।