২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে লঞ্চডুবি, ২ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চ ডুবে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 04:17 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

শুক্রবার সকাল ৮টার দিকে বালুবাহী একটি নৌযানের (বাল্কহেড) ধাক্কায় গজারিয়া উপজেলার ইসমানীর চরের কাছে নদীতে ডুবে যায় লঞ্চটি।

শুক্রবার মধ্যরাত পর্যন্ত অন্তত ১৬ জন যাত্রী নিখোঁজ ছিলেন বলে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম সারোয়ার হোসেন ভূঁইয়া জানিয়েছেন।

এ ঘটনায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও নৌ-পরিবরহন মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

বাংলাদেশ আভ্যন্তরীন নৌ-চলাচল ও যাত্রী পরিবহন সংস্থা নারায়ণগঞ্জ জোনের চেয়ারম্যান বদিউজ্জামান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এম এল সারস নামের লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলবের মাছুয়াখাল যাচ্ছিল।

তবে লঞ্চে যাত্রী আরো অনেক বেশি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মুন্সীগঞ্জের এনডিসি আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লঞ্চের ১৯ জন যাত্রী নিরাপদে তীরে পৌঁছাতে পেরেছেন বলে তারা জানতে পেরেছেন। 

উদ্ধারকারী জাহাজ রুস্তম বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছে পানির ১২০ ফুট নিচে লঞ্চটিকে সানক্ত করে। দিনভর চেষ্টার পর এম এল সারসকে টেনে তীরের কাছে আনা সম্ভব হয়। 

মধ্যরাতেও কয়েকশ’ মানুষকে টেনে আনা লঞ্চের কাছে নদী তীরে দাঁড়িয়ে নিখোঁজ স্বজনের খোঁজে আহাজারি করতে দেখা যায়।  

ডুবুরিরা দুপুরে যে দুইজনের লাশ উদ্ধার করেছেন তারা দুজন হলেন- ময়না (২৫) ও প্রিন্স (দেড় বছর)।

এ দুর্ঘটনার কারণ তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল হকের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমানকে আহবায়ক করে পাঁচ সদস্যর আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

কমিটির অপর চার সদস্য হলেন- বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. হোসেন, সমুদ্র পরিবহন অধিদপ্তরের পরিদর্শক শফিক আইউব এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের একজন প্রতিনিধি।

পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটি লঞ্চ দুর্ঘটনার বিষয়ে প্রতিবেদন দেবে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য পাঁচ লাখ টাকার অনুদান ঘোষণা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।

লঞ্চের নিখোঁজ যাত্রীদের মধ্যে রয়েছেন- সাহেলা আক্তার, চায়না আক্তার, মিথিলা আক্তার, ফারজানা আক্তার, মুক্তার হোসেন, আবুল হাসেম, শেফালী বেগম, মনি আক্তার, নাজমা বেগম, হাফিজুর রহমান, মজিবর মাওলানা, হাজেরা আক্তার, আব্দুস সাত্তার ও মো. মনি।