দাখিলে অনুপস্থিতির সংখ্যা বাড়ছে
দাখিল পরীক্ষায় প্রথম দিনে ৩ হাজারের পর বৃহস্পতিবারও অনুপস্থিত ছিল দেড় হাজারের বেশি শিক্ষার্থী।
এসএসসি ও সমমানের পরীক্ষার বৃহস্পতিবার সারাদেশে মোট ৪ হাজার ৭৬৯ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
এর মধ্যে ১ হাজার ৫৫৬ জন মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী বলে শিক্ষা মন্ত্রণালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে মোট ৭ হাজার ৭২৩ শিক্ষার্থী অনুপস্থিত ছিল, যার মধ্যে ৩ হাজার ৮০১ জন দাখিল পরীক্ষার্থী।
পরীক্ষায় নকলের অপরাধে বৃহস্পতিবার বহিষ্কার করা হয়েছে ১০ শিক্ষার্থীকে। ঢাকা বোর্ডে পাঁচ শিক্ষক বহিষ্কৃত হয়েছেন।
এসএসসি পরীক্ষার প্রথম দিন নকলের অপরাধে বহিষ্কৃত হয়েছিল ৩৫ শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে দুই শিক্ষকও বহিষ্কার হন।
আর বহিস্কৃত শিক্ষার্থীর সংখ্যা হলো ৪৫ এবং ৭ জন শিক্ষক বহিস্কার হল।
বৃহস্পতিবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ইসলাম শিক্ষা, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্ম শিক্ষার পরীক্ষা হয়।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে হাদীস শরীফ এবং কারিগরি বোর্ডের অধীনে দাখিলে (ভোকেশনাল) হাদিস শরীফ ও ফিকাহ-২ এবং এসএসসি ভোকেশনালে ধর্ম-২ (ইসলাম, হিন্দু, খ্রিস্ট, বৌদ্ধ) সৃজনশীল বিষয়ের পরীক্ষা হয়েছে।
ধর্ম পরীক্ষায় ঢাকা বোর্ডে ১ হাজার ১২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। কুমিল্লা বোর্ডে ৫১২ জন, যশোরে ২৪০ জন, রাজশাহীতে ২৫৬ জন, চট্টগ্রামে ২৮৫ জন, সিলেটে ১২৮ জন, বরিশালে ১৫১ জন এবং দিনাজপুর বোর্ডে ১২৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ৫৫৬ জন এবং কারিগরি বোর্ডের ৪৯৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
পরীক্ষায় নকল করার অপরাধে ঢাকা বোর্ডে এক জন এবং মাদ্রাসা বোর্ডে ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
দেশের ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে রোববার থেকে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থী কমেছে ১ লাখ ১৬ হাজার ৮৫৪ জন। গত বছর ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৬৮ হাজার ২৬৮ জন ছাত্র এবং ৬ লাখ ৩৪ হাজার ৯৩৫ জন ছাত্রী।
এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ৯ লাখ ৮৯ হাজার ৮১৭ পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৮৮ হাজার ৪৮২ জন ছাত্র এবং ৫ লাখ ১ হাজার ৩৩৫ জন ছাত্রী।
দাখিলে ২ লাখ ২৫ হাজার ২৬ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৫ হাজার ৬৬২ জন ছাত্র ও ১ লাখ ৯ হাজার ৩৬৪ জন ছাত্রী।
এছাড়া কারিগরি বোর্ডে ৬৪ হাজার ১২৪ জন ছাত্র এবং ২৪ হাজার ২৩৬ জন ছাত্রী মিলিয়ে মোট ৮৮ হাজার ৩৬০ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।
এবছর ২৭ হাজার ৬৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই ও বাহরাইন কেন্দ্রে মোট ২৯৩ জন পরীক্ষার্থী রয়েছে।
বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত ও উচ্চতর গণিত ছাড়া এবার সব বিষয়ের পরীক্ষা হচ্ছে সৃজনশীল প্রশ্নে।
দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধী এবং হাত নেই- এমন পরীক্ষার্থীরা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে। তাদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হচ্ছে।
৫ মার্চ তত্ত্বীয় পরীক্ষা শেষে ৬ থেকে ১২ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে। খাতা দেখা শেষে মে মাসেই ফল প্রকাশ করার আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।
