২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে পদক পাচ্ছেন কবি আসাদ চৌধুরী-রফিক আজাদ

এই বছর একুশে পদক পাচ্ছেন কবি আসাদ চৌধুরী ও কবি রফিক আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 03:20 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

এই দুই কবিসহ ১২ জনকে একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।

এই ১২ ব্যক্তির সঙ্গে একুশে পদক পাচ্ছে উদীচী শিল্পী গোষ্ঠীও।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম প্রকাশ করেছে।

ভাষা ও সাহিত্যে অবদানের জন্য পদক পাচ্ছেন আসাদ চৌধুরী ও রফিক আজাদ।

মনোনীত ১২ ব্যক্তির মধ্যে ছয় জন মরণোত্তর পুরস্কার পাচ্ছেন।

তারা হলেন- চারণ কবি বিজয় সরকার, অধ্যাপক অজিত কুমার গুহ, অধ্যক্ষ মো. কামরুজ্জামান, নূরজাহান মুরশিদ, স্যামসন এইচ চৌধুরী ও এম এ ওয়াদুদ।

বিজয় সরকার শিল্পকলায়, স্যামসন চৌধুরী ও নূরজাহান মুরশিদ সমাজ সেবার জন্য এই পদক পাচ্ছেন।

অন্য তিনজনের সঙ্গে ভাষা আন্দোলনের জন্য পদক পাচ্ছেন তোফাজ্জল হোসেনও।

সঙ্গীতশিল্পী কাদেরী কিবরিয়া ও অভিনেতা জামালউদ্দিন হোসেন শিল্পকলায় পদক পাচ্ছেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য মনোনীত হয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদকে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পদক পাচ্ছে শিল্পকলায় অবদানের জন্য।

মন্ত্রণালয় জানায়, আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এবছরের একুশে পদক প্রদান করবেন।

পদকপ্রাপ্ত প্রত্যেককে এককালীন নগদ ১ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণ পদক ও একটি সম্মাননাপত্র দেয়া হবে।