২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে জামায়াত-পুলিশ সংঘর্ষ

চাঁদপুরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পরে ১৯ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ট্রাকরোড এলাকায় অবস্থিত জামায়াত ইসলামীর কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, কোনো ধরনের অনুমতি ছাড়াই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শহরের ট্রাকরোড এলাকায় তাদের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করছিল।

খবর পেয়ে পুলিশ সড়ক থেকে উঠিয়ে দিতে গেলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ রাউন্ড শটগানের গুলি ও ৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।

সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, এই ঘটনায় পুলিশের কেউ আহত হয়নি। আটক জামায়াত-শিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে শহর জামায়াত সেক্রেটারি আরিফ হোসেনের দাবি, পুলিশ কোনো ধরনের কারণ ছাড়াই জামায়াতের সমাবেশে হামলা চালিয়ে লাঠিচার্জ ও সটগানের গুলি নিক্ষেপ করে। এতে জামায়াত-শিবিরের অন্তত ৩০ নেতা-কর্মী আহত হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন, দেলোয়ার হোসেন ভূঁইয়া, সালাউদ্দিন ঢালী, হুমায়ুন কবিরসহ ১৯ নেতা-কর্মী।