২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জামায়াত নেতাকে ট্রাইব্যুনালে তলব

আদালত অবমাননার অভিযোগে জামায়াতে ইসলামীর দুই নেতার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 02:15 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য সাংসদ হামিদুর রহমান আযাদ ও ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনকে ২০ ফেব্রুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে হাজির হয়ে এর ব্যাখ্যা দিতে হবে।

বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এই আদেশ দেন।

একটি দৈনিকে প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে বিচারক বলেন, গত ৪ ফেব্রুয়ারি রাজধানীতে এক সমাবেশে ওই দুই জামায়াত নেতা ট্রাইব্যুনালের রায় নিয়ে বিতর্কিত বক্তব্য দেন, যা আদালত অবমাননার শামিল।

এ বিষয়ে পরদিন গণমাধ্যমে আসা প্রতিবেদন নজরে আসায় ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।

৪ ফেব্রুয়ারি মতিঝিলে জামায়াতের ওই সমাবেশে সেলিম উদ্দিন বলেন, “সব দিক হিসাব করে আওয়ামী লীগকে বলব, এক বিচার করলেই দিন শেষ হয়ে যাবে না। আপনাদেরও এ দেশে থাকতে হবে, আমরাও থাকব। বিভেদ সৃষ্টির মাধ্যমে জাতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না।”

আর হামিদুর রহমান আযাদ বলেন, “স্কাইপে সংলাপ প্রকাশ হওয়ার পর এ ট্রাইব্যুনাল চলতে পারে না।”