খেলাধুলায় সুনাম বয়ে আনবে এই প্রজম্ম: প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১২ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১২ এর চ্যাম্পিয়ন ও রানার্স আপের মধ্যে পুরস্কার বিতরণের আগে শেখ হাসিনা বলেছেন, “আমি বিশ্বাস করি, এই খেলোয়াড়রাই খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করবে।”
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকালে এই দুই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপে কক্সবাজারের মহেষখালীর মেহেরিয়াপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাই-ব্রেকারে ১০-৯ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারীর দক্ষিণ দোনদারি কেরানীপাড়া বেসরকারি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়।
মেয়েদের টুর্নামেন্ট বঙ্গমাতা গোল্ডকাপে সিলেটের জৈন্তাপুরের নিশ্চিতপুর রেজিস্টার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে করে চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এই ম্যাচটি প্রধানমন্ত্রী স্টেডিয়ামে বসে দেখেন।
বর্তমান সরকারের শিক্ষার পাশাপাশি শিশু-কিশোরদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য লক্ষ্যে খেলাধুলাকে অগ্রাধিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গ্রাম থেকে শহর পর্যন্ত খেলাধুলার জন্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে। অনুকূল পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
স্কুলের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী আরো বলেন, “এখন যারা শিশু তাদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে।”
এবার বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ৬০ হাজার ৭৭৬টি স্কুল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ৫৯ হাজার ৭০০টি স্কুল অংশ নিয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি মমতাজ বেগম।
