পরীক্ষার মধ্যে হরতাল দ্বায়িত্বহীন: নাহিদ
এসএসসি পরীক্ষার মধ্যে হরতাল দেয়া ‘দ্বায়িত্বহীন আচরণ’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার সকালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “কোনো দ্বায়িত্বশীল মানুষ এমন কর্মসূচি দিতে পারেন না।”
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষার্থীরা কোনো দলের সন্তান নয়, এরা আমাদের ভবিষৎ প্রজন্ম, আগামী দিনের কান্ডারী। হরতালের কারণে ভবিষৎ প্রজম্ম ক্ষতির সম্মুখীন হচ্ছে।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার হরতাল করে জামায়াতে ইসলামী। বুধবারও যুদ্ধাপরাধে জড়িত দলের অন্যতম নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড বাতিলের দাবিতে সারাদেশে হরতাল ডাকে তারা।
হরতালের কারণে মঙ্গলবারের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়।
হরতাল দিয়ে ভবিষৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে না দিতে ও শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে বাধা সৃষ্টি না করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান শিক্ষামন্ত্রী।
অন্যায় একটা বিষয় নিয়ে অহেতুক হরতাল-নৈরাজ্য চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “গোটা জাতি যেখানে রায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাচ্ছে। এ শাস্তি মানতে পারছেনা। সেক্ষেত্রে শাস্তি মেনে না নিয়ে গোটা জাতির বিরুদ্ধে গিয়ে হরতাল দেয়া দ্বায়িত্বহীনতার সামিল।”
কাদের মোল্লার বিরুদ্ধে পাঁচটি অপরাধ প্রমাণিত হয়েছে। তার ফাঁসি হওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
বর্তমান সরকার দ্বায়িত্ব নেয়ার পর দেশে ঝরে পড়া শিক্ষার্থীর হার ২৪ শতাংশ থেকে ১৪ শতাংশে নামিয়ে আনা হয়েছে জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার্থী ঝরে পড়া রোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। আগামীতে এ হার আরো কমবে বলেও আশাপ্রকাশ করেন।
পরে তিনি সিলেট রাজা জিসি হাই স্কুল ও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
