খুলনায় ১০ শিশু সাংবাদিক নির্বাচিত
ইউনিসেফের সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম খুলনায় ১০ শিশু সাংবাদিক নির্বাচন সম্পন্ন করেছে।
বুধবার বিকালে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক দীপংকর কুমার বিশ্বাস এই শিশু সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন।
নির্বাচিতরা হল জেরিন হোসেন তনু, বাবলি ইয়াসমিন, অনিন্দিতা পাল, মো. মনিরুল ইসলাম সাগর, মো. ইকবাল, সৌভিক পাল, কানিজ ফাহিমা মিলি, আফনান আলভি জয়, লাকি খাতুন ও তৌহিদুর রহমান।
মঙ্গলবার সরকারি আযম খান বাণিজ্য মহাবিদ্যালয়ে লিখিত পরীক্ষা হয়। উত্তীর্ণদের বুধবার মৌখিক পরীক্ষার মাধ্যমে ১০ জনকে নির্বাচিত করা হয়।
নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির পর খুলনায় এই নির্বাচন হল।
সনদপত্র প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেষ্ঠ্য সহ-সম্পাদক মুজতবা হাকিম প্লেটো।
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দীপংকর কুমার বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি মকবুল হোসেন মিন্টু ও সরকারি আযম খান বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবুল বাশার মোল্লা।
অনুষ্ঠান পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি সুবীর রায়।
