দুই বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ
জয়পুরহাট সদর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
মঙ্গলবার রাতে রামকৃষ্ণপুর এলাকা থেকে নাজমুল হোসেনকে (২৫) ও বুধবার বিকালে মিজানুর রহমানকে (১৮ ) নিয়ে গেছে।
এরা দুজনেই পাঁচবিবি উপজেলার রামকৃষ্ণ পুর গ্রামের বাসিন্দা বলে বিজিবি জানিয়েছে।
জয়পুরহাট ৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাব্বির আলী খসরু বলেন, বিএসএফের কাছে এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে তাদের ফেরত চেয়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
তিনি আরো বলেন, অবৈধভাবে ভারতে ঢুকে পড়ায় তাদের আটক করা হয়েছে বলে বিএসএফ দাবি করছে। তবে স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্ত ঘেঁষা মাঠে কৃষিকাজ করার সময় বিএসএফ তাদের নিয়ে যায়।
