সোস্যাল মিডিয়ায় ‘প্রতিবাদের দ্রোহ’
যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন দণ্ড ঘোষণার পর থেকে প্রতিবাদে সরব সোস্যাল মিডিয়া।
ফেইসবুক, টুইটারের পাশাপাশি ব্লগগুলোতেও ‘মিরপুরের কসাই’ নামে পরিচিত এই জামায়াত নেতার ফাঁসি দাবিতে অজস্র প্রতিক্রিয়া এসেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর এ রায় প্রত্যাখ্যান করে মঙ্গলবার বিকালেই শাহবাগে জড়ো হতে থাকেন বিভিন্ন সংগঠনের সদস্য ও ব্লগাররা।
এবিসি রেডিও’র চিফ অপারেটিং অফিসার সানাউল্লাহ লাবলু তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, “কাল রাতে যখন বাসায় ফিরি, একাদশ শ্রেণীতে পড়ুয়া একমাত্র ছেলে জানতে চাইলো- 'শাহবাগ থেকে আসলে?' আমি বললাম, হ্যা। রাত ৪টা পর্যন্ত ওর ঘর থেকে গিটার প্র্যাকটিসের শব্দ পাচ্ছিলাম। আজ দুপুরে যখন বাসা থেকে বের হই, ও বললো- ‘বাবা শুনো, আমি শাহবাগ যাবো।’ ঝট করে আমি ফিরে গেলাম আশির দশকে। তখন বাবাকে লুকিয়ে এরশাদ বিরোধী আন্দোলনে যেতাম। বাসায় ফিরে বাবার রাগ-ক্ষোভ শুনতাম। বাবার মুখে মুখে তর্ক করতাম- আমি যাবোই মিছিলে, আন্দোলনে। সেই বাবা আজ নেই ২০ বছর হয়ে গেলো!
“আমি কিন্তু ছেলেকে বকবো না, সঙ্গে করেই যাবো শাহবাগে। আমার পতাকা ও বইবে না তো কে?”
আদালতের রায়ে কাদের মোল্লার ফাঁসি না হওয়ায় হতাশা ব্যাক্ত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্ঝর মজুমদার তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, “যুদ্ধাপরাধের বিচারের জন্য দরকার হলে অস্ত্র হাতে তুলে নিব। যতো দূর যাওয়ার দরকার হয় যাবো।”
এর পরই তিনি লিখেছেন, খেলা এইখানেই শেষ না ছাগুরা (জামাত-শিবির)। মনে রাখিস আমরা সাধারণ পাবলিক, হাজার গুণে বেশি শক্তিশালী আওয়ামী লীগের থেকে। বিচার এইবার আমরা নিজেরাই করবো।
শাহবাগ মোড়ে বিকেলের শতাধিক লোকের জমায়েত রাতে পরিণত হয় কয়েক হাজারে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে প্রতিবাদী জনতার ভিড়। অনেককেই ফেইসবুকে শাহবাগের এই প্রতিবাদে যোগ দেয়ার আহ্বান জানাতেও দেখা গেছে।
মামুন ষ্টোনকোল্ড নামের একজন তার স্ট্যাটাসে লিখেছেন, “যদি ভয় লাগে রাস্তায় বের হতে, তবুও চলে আসুন শাহবাগে। স্বাধীনতা বিরোধী হায়েনা শকুনদের বিচারের দাবিতে এতোগুলা মানুষকে আপনার সহকর্মী হিসেবে পাবেন, যেটা আর কোনো ইস্যুতে কখনো পাবেন না। কি হবে না হবে সব ভুলে যান। অন্তত এতটুকু বলতে পারবেন। আপনি ফাঁসিই চান, এটা সবার সাথে কন্ঠ মিলিয়ে বলার সৎসাহস আপনার আছে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়ের এক সাবেক শিক্ষার্থী তানভীর সাতিল লিখেছেন, “দূরত্বের কারণে সিলেটে আছি, কিন্তু মন যেনো অনবরত স্লোগান দিয়ে যাচ্ছে শাহবাগের গণজোয়ারে। আমি শীঘ্রই আসছি, কাদের মোল্লার ফাঁসি চাই।”
আহমেদ আল আমীন নামে একজন লিখেছেন, ‘আশাহত আমি ভাষা হারিয়ে ফেলেছি। কাল থেকে শুধু চিৎকার করে ধিক্কার দিয়েছি।’
বিভিন্ন প্রোফাইল থেকে স্ট্যাটাসের মাধ্যমে প্রতিবাদ করার পাশাপাশি শাহবাগের আলোকচিত্র ও ভিডিওচিত্র ছড়িয়ে দেয়া হচ্ছে ফেইসবুকে।
একই ভাবে প্রতিবাদ চলেছে বিভিন্ন ব্লগেও। সামহোয়্যার ইন ব্লগে মঙ্গলগ্রহের যাত্রী নামে এক ব্লগার ‘বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা’ নামে একটি ব্লগ লিখেছেন।
তিনি উল্লেখ করেছেন, যুদ্ধাপরাধের প্রতিটি রায়, প্রতিটি সিদ্ধান্ত বাংলার বেশিরভাগ মানুষের প্রাণের দাবি, বাংলার মানুষ তাকিয়ে আছে প্রতিটি রায়ের দিকে। ব্যাপারটি একজন দু’জন মানুষের বিষয় নয়।”
দেশের রায় জনগণ মানে না’- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগে মো শাহরিয়ার সাকিল নামে একজন ব্লগার এমনটি লিখেছেন।
