২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতে অভিযোগপত্র র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে

অর্থ আত্মসাতের এক মামলায় র‌্যাবের এক উপ-সহকারী পরিচালকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 12:57 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

৯২ লাখ ৫১ হাজার ১৭০ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক এ কে এম ফজলে হোসেন  বুধবার ঢাকার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আসামি র‌্যাব কর্মকর্তা হলেন ইউনুস আলী। অভিযোগপত্রে তার সঙ্গে আরো ছয়জনকে আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন- রাজারবাগ পুলিশ লাইনের সাবেক হিসাব রক্ষক আব্দুল লতিফ, উত্তরা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার এ এম রাজী উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তা আনোয়ার হোসেন, রাজারবাগ পুলিশ লাইনের অফিস সহকারী হাফিজুল হোসেন, জালাল উদ্দিন ও ব্যবসায়ী বাবুল ওরফে তপন।

র‌্যাব কর্মকর্তা ইউনুস আলী এর আগে রাজারবাগ কেন্দ্রীয় মালখানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে উত্তরা ব্যাংক থেকে ৯২ লাখ ৫১ হাজার ১৭০ টাকা আত্মসাত করে।

২০১০ সালের ১৩ নভেম্বর অর্থ আত্মসাতের অভিযোগ এনে এই আসামিদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করে দুদক।