গাজীপুরে কিশোরী উন্নয়ন কেন্দ্রে নারীর মৃত্যু
গাজীপুরের কোনাবাড়ির সরকারি কিশোরী উন্নয়ন কেন্দ্রের এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার মনিরা বেগমকে (৩০) গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মনিরা ঢাকার দোহার উপজেলার মালিকাথা এলাকার আশরাফ আলীর স্ত্রী।
গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তর জানায়, দুপুরে কেন্দ্রের একটি কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অধিদপ্তরের উপ-পরিচালক বেগম লুৎফুন্নেসা সাংবাদিকদের বলেন, গত ৩১ ডিসেম্বর ভবঘুরে মনিরাকে মিরপুর থেকে কোনাবাড়ির কেন্দ্রে আনা হয়। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
তবে এ বিষয়ে কোনাবাড়ির কিশোরী উন্নয়ন কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা শংকর চরণ সাহা বলেন, মনিরা কিভাবে মারা গেছে তা তিনি জানেন না।
গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, বেলা পৌনে ২টায় মনিরাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায় তার মৃত্যু হয়েছে। পরে বিষয়টি জয়দেবপুর থানায় জানানো হয়।
জয়দেবপুর থানার ডিউটি অফিসার এএসআই কবির হোসেন বলেন, এ বিষয়ে পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে।
