দূরপাল্লার বাস বন্ধ, ট্রেন-লঞ্চ স্বাভাবিক
হরতালে ভাংচুরের ভয়ে বরাবরের মতোই বন্ধ রাখা হয়েছে দূরপাল্লার বাস চলাচল। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার হরতাল শেষে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে দূরপাল্লার বাস ছেড়ে যাবে বলে বাস কাউন্টারের লোকজন জানিয়েছেন।
রাজধানীর সড়কে যান চলাচল মঙ্গলবারের তুলনায় বেশি। গাবতলি, মিরপুর-১, মিরপুর-১২ ও মিরপুর-১৪ নম্বর সেক্টর থেকে সকাল থেকে কিছু বাস রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে। বিআরটিসির বাসও চলতে দেখা গেছে। তবে রাজধানীর প্রধান সড়কগুলো রয়েছে রিকশার ‘দখলে’।
সন্ধ্যার পর থেকে গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার গাড়ি চলাচল শুরু করবে বলে বিভিন্ন পরিবহন কোম্পানির স্টেশন মাস্টাররা জানিয়েছেন।
মহাখালী বাস টার্মিনালে এনা পরিবহনের সুপারভাইজার সাইদুর রহমান জানান, হরতাল শেষ না হওয়া পর্যন্ত গাড়ি ছাড়বেন না তারা। হরতালে মহাখালী বাস টার্মিনাল থেকে অন্য পরিবহনের বাসও ছাড়ছে না।
হরতালে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
