২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে খুলনায় পুলিশের গাড়িতে হামলা

খুলনায় পুলিশের এক কর্মকর্তার গাড়িতে হামলা চালিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কর্মীরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 05:55 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

বুধবার জামায়াতের ডাকা হরতালের সকালে এই ঘটনায় এক কনস্টেবল পায়ে আঘাত পেয়েছেন।

সকাল সোয়া ৮টার দিকে খুলনার রূপসা উপজেলার কুয়েত মসজিদের নিকটবর্তী খেজুরতলা এলাকায় খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ইমমুর রশীদের গাড়িতে হামলা চালায় হরতালকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

খুলনার সহকারী পুলিশ সুপার (খ সার্কেল) আব্দুল কাদের বেগ জানান, ইমামুর রশীদ রূপসা থেকে শহরের দিকে আসছিলেন। তার গাড়ি রূপসা সেতু পার হয়ে কুয়েত মসজিদের সামনে পৌঁছালে জামায়াত-শিবির কর্মীদের অবরোধের মুখে পড়ে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে থাকা দুই কনস্টেবল অবরোধ সরিয়ে নেয়ার অনুরোধ জানালে জামায়াত-শিবির কর্মীরা লাঠিসোটা নিয়ে গাড়ির ওপর চড়াও হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় ৩২ রাউণ্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে আব্দুল কাদের বেগ জানান।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে বুধবার সারা দেশে এই হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।