২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

দাবি পূরণের আশ্বাসের পর রংপুর মেডিকেল কলেজ(রমেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিত্সকরা পাঁচ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার করেছেন। 

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 04:14 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. গোলাম মোস্তফার আশ্বাসের পর মঙ্গলবার বিকাল ৩টায় তারা কাজে যোগ দেন।

তবে আগামি ৯ ফেব্রুয়ারির মধ্যে দাবি মেনে না নিলে আবারও তারা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

২৮ জানুয়ারি রাতে একদল দুর্বৃত্ত ডা. পিন্নু ছাত্রাবাসের ৪৬ নম্বর কক্ষে প্রবেশ করে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুর রহমান মিরাজকে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিত্সাধীন।

এ ঘটনায় কলেজ অধ্যক্ষ বাদি হয়ে শিক্ষানবিশ চিকিত্সক আশফাকুল হক খন্দকার পুলক, রাহাত আল রাজিব, রাইসুল ইসলাম নবীন, সঞ্জীব কুমার সিংহ, সোহাগ হোসেন, ইমরান হোসেন ও শফিকে আসামী করে কোতয়ালী থানায় মামলা করেন।

কোতয়ালী থানার ওসি শাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামীরা গা ঢাকা দেয়ায় তাদের গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে। 

হামলাকারীদের গ্রেপ্তার, শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান এবং ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে ১ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিত্সকরা।

২ ফেব্রুয়ারি এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে ধর্মঘট ডাকে কলেজ শাখা ছাত্রলীগ। তাদের ধর্মঘট এখনো চলছে।

মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন প্রধান বলেন, ৯ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে ১০ ফেব্রুয়ারি অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখা হবে। দাবি বাস্তবায়িত না করা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে। 

অধ্যক্ষ আব্দুর রউফ বলেন, দাবিগুলো বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে। শিগগিরই বাস্তবায়ন করা হবে।