চট্টগ্রামে শিবিরের তাণ্ডব, ৪ জনের মৃত্যু
বন্দরনগরীতে মঙ্গলবার দুপুরের পর সন্ধ্যায় আবারও তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা।
বন্দর নগরীতে মঙ্গলবার হরতালের সময় গাড়ি ভাংচুর এবং দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় জামায়াত-শিবিরের কর্মীরা।
দুপুরে একদফা সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী নিহত হওয়ার পর সন্ধ্যায় দেওয়ানহাট ও আগ্রাবাদ এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়।
এতে তিন পথচারী নিহত হয় বলে পুলিশ জানিয়েছে। তারা হলেন- আফজাল হোসেন (২৫), শফিকুল ইসলাম (১৮) ও আবিদ (২২)।
দেওয়ান হাট এলাকার একটি দোকানের কর্মচারী আফজাল সংঘর্ষের সময় বাসের ধাক্কায় নিহত হন। শিবিরকর্মীদের ছোড়া ইটের আঘাতে পোশাককর্মী শফিকুল নিহত হন।
মাথায় আঘাত পাওয়া আবিদের লাশ রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
হালিশহর নিউ ব্লক এলাকার মনিরুল ইসলামের ছেলে আবিদ সিটি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
এর আগে দুপুরে অলংকার মোড়ে পুলিশ বক্সে অতর্কিত হামলা চালিয়ে পুলিশের একটি পিক-আপ ভ্যানে আগুন দেয় শিবিরকর্মীরা।
তখন সংঘর্ষে নিহত হন ইমরান খান (২০)। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র বলে পুলিশ জানিয়েছে।
নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমরানকে ছাত্র শিবির করতেন।
দুপুরে সংঘাতের পর সন্ধ্যা ৭টার দিকে দেওয়ান হাট থেকে বাদামতলী পর্যন্ত এলাকাজুড়ে তাণ্ডব চালিয়ে যানবাহনে আগুন দেয়া ছাড়াও বেশকিছু গাড়ি ভাংচুর এবং পুলিশের ওপর হামলা চালায় শিবিরকর্মীরা।
নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং) হাসানুজ্জামান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সামনে শিবিরকর্মীরা ঝটিকা মিছিল করে যানবাহনে ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ শুরু করে।
ওই সময় পথচারীরা দিগবিদিক ছুটোছুটি শুরু করলে বাসের ধাক্কায় গুরুতর আহত হন আফজল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, জামায়াত-শিবিরকর্মীরা শেখ মুজিব রোডের দেওয়ান হাট মোড়ে টেম্পো ও মাজার গেইটে বাসে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ও গুলির শব্দও তখন শোনা গেছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে নেয়ার পর রাত ৮টার দিকে আফজালের মৃত্যু হয়।
চমেক হাসপাতাল ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডের প্রধান অধ্যাপক ডা. কামাল উদ্দিন জানান, সংঘর্ষের সময় আহত হয়ে হাসপাতালে আসা শফিকুল চিকিৎসাধীন অবস্থায় শফিকুল মারা যায়।
শফিকুলের পকেটে থাকা পরিচয়পত্র দেখে জানা যায়, তিনি ইয়ংওয়ান কারখানার কর্মচারী।
রাত সাড়ে ১১টায় নগরীর মিস্ত্রী পাড়া থেকে আবিদের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয় পুলিশ।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবিদের চোখ উপড়ানো এবং মাথায় আঘাত ছিল।
সন্ধ্যার সংঘর্ষে আহত আরো কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এর আগে দুপুরে কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর পরই নগরীর অলংকার মোড়, বহদ্দারহাট ও মুরাদপুরে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাংচুর চালায়।
পুলিশ দাবি করেছে, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির পরিকল্পিতভাবে হামলা চালিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান, একটি মোটর সাইকেলে আগুন দেয় এবং পুলিশ বক্স ও বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।
পুলিশের ওপর হামলার সময় উভয় পক্ষে মধ্যে গুলি বিনিময়ও হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
পুলিশ ২৮ শিবিরকর্মীকে আটক করে। এর মধ্যে সাতজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) হাবিবুর রহমান বলেন, “জামায়াত-শিবিরকর্মীরা মিছিল নিয়ে তিন দিক থেকে অলংকার পুলিশ বক্সে অতর্কিত হামলা চালায়।”
এ সময় হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছুড়লে পুলিশও ‘আত্মরক্ষায়’ পাল্টা গুলি চালায় বলে জানান তিনি।
উভয় পক্ষের গুলি বিনিময়ের পর সেখান থেকে গুলিবিদ্ধ এক জনের লাশ উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা হাবিবুর।
হামলায় পাহাড়তলী থানার ওসি আবদুর রউফসহ ১২ পুলিশ সদস্য আহত হয় বলে পুলিশ কর্মকর্তা হাবিবুর জানান।
