পঞ্চগড়ে শেষ হল স্কাউট সমাবেশ
পঞ্চগড়ে স্কাউট ও রোভার স্কাউটদের সবচেয়ে বড় শিক্ষামূলক সমাবেশ ‘দশম জাতীয় রোভার মুট ও পঞ্চম জাতীয় কমডেকা’ শেষ হয়েছে।
দেবীগঞ্জের করতোয়া নদীর তীরবর্তী ময়নামতির চরে গত ২৯ জানুয়ারি শুরু হয় সপ্তাহব্যাপী স্কাউটদের এই সমাবেশ।
‘শান্তি ও উন্নয়নে স্কাউটিং’ শ্লোগান নিয়ে শুরু হওয়া এই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আয়োজক সূত্র জানায়, এনএন সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে একটি মাঠে গ্র্যান্ড ক্যাম্প ফায়ার বা মহাতাঁবু জলসার মধ্য দিয়ে প্রায় সাত হাজার স্কাউটের এ মিলন মেলা শেষ হয় সোমবার রাতে।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মেসবাহ উদ্দীন ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাগতিক পঞ্চগড়ের সর্বোচ্চ ৪৪টি ইউনিটের সঙ্গে দেশের বাকি ৬৩ টি জেলা থেকে একাধিক স্কাউট ও রোভার স্কাউট ইউনিট এবারের সমাবেশে যোগ দেয়।
এদের মধ্যে মেয়েদের ইউনিট ছিল ১২০টি । প্রতি ইউনিটে ছিলেন ৮ জন। তারা সবাই ঐতিহ্যবাহী বন ও গাছের নামে রাখা ৫টি ভিলেজের অধীনে ১০টি সাব ক্যাম্পের অাওতায় ছিলেন। প্রায় সবাইকে অংশ নিতে হয় নির্ধারিত ১৩ টি চ্যালেঞ্জে।
এছাড়া নেপালের দুটি ইউনিট ছিল একদিন। ঢাকায় অবস্থানরত ফ্রান্সের কয়েকজন স্কাউটও সমাবেশ পর্যবেক্ষণে আসেন। আর সবকিছু সফল করতে প্রায় সাড়ে চারশ কর্মকর্তা ও তিনশ স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ১৯টি উপকমিটি সক্রিয় ছিল।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া।
সমাপনী অনুষ্ঠানে মেসবাহ উদ্দীন ভুঁইয়া আশা প্রকাশ করেন যে, এ সমাবেশের অভিজ্ঞতা ও অর্জনগুলোকে কাজে লাগিয়ে স্কাউটরা নিজেদের বিকশিত করার পাশাপাশি দেশের শান্তি ও উন্নয়নে অবদান রাখবে।
স্কাউটদের নির্বাচিত ইউনিটগুলো গ্রামীণ সংস্কৃতি ছাড়াও বিনোদমুলক নানান অনুষ্ঠানের আয়োজন করেন সমাপনি রাতে। স্থানীয় লোকজনও এসব অনুষ্ঠান উপভোগ করেন।
