২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বাক্ষরতার হার বেড়েছে ১২ শতাংশ’

মহাজোট সরকারের ৪ বছরে স্বাক্ষরতার হার প্রায় ১২ শতাংশ বেড়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 01:30 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

মঙ্গলবার সাধনা হালদারের লিখিত প্রশ্নের উত্তরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদন (লিটারেসি সার্ভে) অনুযায়ী, দেশের ১৫ ঊধের্ব জনসংখ্যার স্বাক্ষরতার হার ৫৯ দশমিক ৮২ শতাংশ, নিরক্ষর ৪০ দশমিক ১৮ শতাংশ। নারী স্বাক্ষরতা ৫৫ দশমিক ৭১ শতাংশ।

বর্তমান সরকারের আমলে স্বাক্ষরতার হার ১১ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে বলে জানান তিনি।

বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, সরকারি পরিসংখ্যান (বিবিএস) অনুযায়ী বর্তমানে সাত ও এর চেয়ে বেশি বয়সী শিক্ষিতের হার ৫৬ দশমিক ৮ শতাংশ (পুরুষ ৫৯ দশমিক ৮ ও মহিলা ৫৩ দশমিক ৯) এবং ১৫ ও এর চেয়ে বেশি বয়সী শিক্ষিতের হার ৫৮ দশমিক ৬ শতাংম (পুরুষ ৬২ দশমিক ৯ ও মহিলা ৫৫ দশমিক ৫)।

সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে গণশিক্ষামন্ত্রী জানান, ২০১৪ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করতে মন্ত্রণালয়ের আওতায় দুটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এছাড়া নিরক্ষর জনগোষ্ঠীকে স্বাক্ষর করতে ৪৬৫ কোটি টাকার প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এছাড়া ৬৪ জেলায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্প নামে একটি প্রকল্প একনেকের অপেক্ষায় রয়েছে।

আফসারুল আমিন জানান, প্রকল্পটির আওতায় ১৫-৬৪ বয়সী ৪৫ লাখ নিরক্ষর জনগোষ্ঠীকে স্বাক্ষরতা জ্ঞান দেওয়া হবে। এটি সম্পূর্ণ সরকারের অর্থায়নে ৪৬৫ দশমিক ৫৯ কোটি টাকায় এ বছরের জুলাই থেকে ২০১৮ সালের জুন মাসের মধ্যে ২৫০ উপজেলায় বাস্তবায়িত হবে। শিগগির মাঠ পর্যায়ে এ কর্মসূচি চালু হবে।

৫৬টি জেলা শহরে ১০-১৫ বয়সী ৫ লাখ কর্মজীবি শিশুদের জন্য আরেকটি প্রশিক্ষণ প্রকল্প অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো হয়েছে।