২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ২২ বিএনপি নেতাকর্মীর জামিন

 নাশকতার পরিকল্পনার একটি মামলায় শেরপুর বিএনপি’র ২২ নেতাকর্মীকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 02:00 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহমান ও মো. আকরাম হোসেন চৌধুরীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয় বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী এমকে মোরাদুজ্জামান।

এর আগে জেলা বিএনপি সহ-সভাপতি মো. হাতেম আলী ও মো. আওয়াল চৌধুরীসহ এই ২২ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।

মামলার নথি থেকে জানা যায়, শেরপুরে গোপন বৈঠক করে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) মামলা দায়ের করে শেরপুর সদর থানা পুলিশ।

সদস থানার এসআই জহুর আলীর করা এ মমালার আসামিদের মধ্যে জামায়াতের আবু বকর সিদ্দিক, বাচ্চু মিয়া ও আওলাদ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এখন কারাগারে রয়েছেন।

সদর থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, বৃহস্পতিবার ভোর রাতে পৌর শহরের গৌরিপুর এলাকায় বিএনপি নেতা আউয়াল চৌধুরীর বাসভবনে গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত ও বিএনপি’র ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে এ মামলা করা হয়।