নওগাঁয় দুই বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ
নওগাঁর সাপাহার উপজেলা সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
সোমবার ভোরে হাঁপানিয়া এলাকা থেকে কামাল হোসেন (৩২) ও কাওসার আলীকে (৩৫) ধরে নিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে।
কামাল পোরশা উপজেলার দোয়ারপাল গ্রামের আজিজার রহমানের ছেলে এবং কাওসার সাপাহারের কৃষ্ণপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি নওগাঁর ৪৬ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার সামসুজ্জামান বিএসএফ এর উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের বলেন, দুই বাংলাদেশি অনুমতি ছাড়া ভারতের তিন কিলোমিটার ভেতরে চলে যায়।
ভোরে গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে ভারতীয় পান্নাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে তাদের স্থানীয় টিকাপাড়া থানায় হস্তান্তর করে।
তাদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের জন্য বিজিবির ও বিএসএফ এর কোম্পানি পর্যায়ে যোগাযোগ চলছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
