২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা দাবির প্রতিবাদ করায় ৩ জনকে পিটিয়ে আহত

গাজীপুরের কাপাসিয়ায় একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাছে চাঁদা দাবির প্রতিবাদ জানানোয় তিন ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 04:57 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

আহতরা হলেন- আজমল হোসেন সরকার , তার বড় ভাই মো. আকরাম হোসেন সরকার  ও লোকমান হোসেন সরকার।  

এদের মধ্যে আজমল কাপাসিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে যুবলীগ কর্মী। আকরাম কাপাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লোকমান সৌদি প্রবাসী।

কাপাসিয়া কলেজ শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর হোসেন প্রধান  তার অনুসারীদের নিয়ে এ হামলা চালান বলে অভিযোগ করেন আজমল হোসেন সরকার।

তিনি বলেন, বায়োফার্মা ওষুধ কোম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধি গোসিংগা গ্রামের মাজহারুল ইসলাম কাপাসিয়া বাজার এলাকায় জাহাঙ্গীরের বাসার পাশে ভাড়া বাসায় থাকেন। শনিবার সন্ধ্যায় জাহাঙ্গীর  তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় জোর করে তার কাছ থেকে একটি চেকে এক লাখ টাকা লিখিয়ে এবং আরো একটি ফাঁকা চেক নিয়ে যায়।

আজমল বলেন, মাজহারুল বিষয়টি জানালে তিনি তা দলীয় লোকজনকে জানান। এতে ক্ষুব্ধ হয়ে ভাতিজা খায়রুল ইসলামসহ কয়েকজনকে নিয়ে রোববার রাত পৌনে ৮টার দিকে কাপাসিয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তার ওপর হামলা চালায় জাহাঙ্গীর। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

এ হামলার পর দুই ভাইকে নিয়ে আজমল থানায়  গিয়ে মৌখিক অভিযোগ জানান। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে কাপাসিয়া বাজারে আবারো হামলার শিকার হন তিন ভাই।

কাপাসিয়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, “ঘটনাটি  তদন্ত করে দেখা হচ্ছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”