২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনের অর্থ পাচার: পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ ফেব্রুয়ারি

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থপাচার মামলায় ১৭ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 06:26 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

ঢাকার তিন নম্বর বিশেষ জজ মো. মোজ্জাম্মেল হোসেইন রোববার এ দিন ধার্য করেন।

শুনানিতে আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার বলেন, এ মামলায় আসামি মামুনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে, তার চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে, যা শুনানির অপেক্ষায় আছে।

তাদের এই আবেদনে শুনানি পেছানো হয়।

২০১১ সালের ২২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহীম ক্যান্টনমেন্ট থানায় মামুনের বিরুদ্ধে যুক্তরাজ্যে অর্থ পাচারের অভিযোগে এই মামলা করেন।

গত বছর ২৯ এপ্রিল অভিযোগপত্র গ্রহণের মাধ্যমে মামলাটি আমলে নেন বিচারক। ৩১ অক্টোবর আসামি গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এ মামলায় মামুনের বিরুদ্ধে যুক্তরাজ্যে ৪ লাখ ১৮ হাজার ৮৫৩ পাউন্ড (৬ কোটি একলাখ টাকা) পাচারের অভিযোগ আনা হয়েছে।

মামলায় বলা হয়, বিটিএল ও গ্লোব ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান এম. শাহজাদ আলীর রেলওয়ের সিগন্যালিং আধুনিকীকরণের কাজ পান। তবে কার্যাদেশ চূড়ান্ত করার সময় মামুন তার কাছে অবৈধ কমিশন দাবি করেন। তা না দিলে কার্যাদেশ বাতিল করার হুমকি দেন।

এজাহারে বলা হয়, মামুন ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে রেলওয়ের সিগন্যালিং আধুনিকীকরণের কার্যাদেশ বাতিলের হুমকি দিয়ে আদায় করা প্রায় ৬ কোটি একলাখ ৫৭ হাজার ৭৬২ টাকা কয়েক দফায় লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে পাচার করেন।

বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ৩০ জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন মামুন। এরপর তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, অর্থপাচার, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টিরও বেশি মামলা হয়।

মামুন এখনো কারাগারে রয়েছেন।