বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রকে জরিমানা
চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় নির্মাণাধীন একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রকে বিশ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম নগরীর পতেঙ্গায় অবস্থিত বারাকা-পতেঙ্গা পাওয়ার লিমিটেড নামের ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে এই জরিমানা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র ছাড়াই এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করা হয়েছে। ফার্নেস অয়েলচালিত এ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে পরিবেশ ও প্রতিবেশের ওপর প্রভাব সমীক্ষাও পরিচালনা করা হয়নি।
এছাড়া কেন্দ্রটি ‘লাল’ শ্রেণিভুক্ত হওয়ায় এটির পরিবেশ ছাড়পত্র নেয়াও বাধ্যতামূলক।
জাফর আলম বলেন, বারাকা-পতেঙ্গা বিদ্যুৎ কেন্দ্রটি প্রাথমিক পরিবেশগত সমীক্ষা ছাড়াই প্রকল্পের কার্যক্রম শুরু করেছে।
“এ কারণেই পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ অনুসারে কর্ণফুলী নদীর পাশ্ববর্তী এলাকায় নির্মাণাধীন এ বিদ্যুৎ কেন্দ্রকে ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
আগামী ৫ ফ্রেব্রুয়ারির মধ্যে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
