নিরাপত্তা চেয়ে রুয়েট শিক্ষার্র্থীদের মানববন্ধন
একটি ছিনতাই ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধনের পর তারা সংবাদ সম্মেলনও করেন।
বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ছিনতাই ও চুরির ঘটনা বেড়েছে। ক্যাম্পাসের ভেতরেই শিক্ষার্থীদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিস ছিনিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা।
ক্যাম্পাসের চারিদিকে সীমানা প্রাচীর না থাকায় এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবহলোর কারণে বহিরাগত মাদকাসক্তরা সন্ধ্যার পর ক্যাম্পাসে আড্ডা জমায়। তারাই বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে।
শিক্ষার্থীরা আরো অভিযোগ করেন, শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে যন্ত্রকৌশল বিভাগের ছাত্র ফিরোজ জামানকে ছুরিকাঘাত করে তার ল্যাপটপ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
ওই রাতেই জিয়া হলের সামনে থেকে আইপিই বিভাগের শিক্ষার্থী বাবু আহমেদের মোবাইল ছিনিয়ে নেয়। এছাড়া গত ১৭ ডিসেম্বর যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামানকে আহত করে তার ল্যাপটপ নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে ক্যাম্পাসের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্য বৃদ্ধি, সীমানাপ্রাচীর নির্মাণ, ক্যাম্পাসে পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক এবং বহিরাগতদের প্রবেশ বন্ধসহ ছয়দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে রুয়েটের উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিষয়টি শিক্ষার্থীদের কাছে শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেবে।”
মতিহার থানার ওসি আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন রুয়েটের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা দাবি করলে পুলিশ প্রশাসন তাদের সাহায্য করবে।
