মাগুরায় দুই পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিক বদলি
মাগুরায় সাংবাদিক ও ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিপেটার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানকে মেহেরপুর ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহতাবুর রহমানকে বাগেরহাট জেলায় বদলি করা হয় বলে পুলিশ সুপারের কার্যালয় জানিয়েছে।
শনিবার দুপুরে মাগুরা আদর্শ কলেজে ছাত্রলীগ- ছাত্রদল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিপেটায় এক সাংবাদিকসহ ১০ ছাত্রলীগ নেতাকর্মী আহত হন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শনিবার রাতেই দুই পুলিশ কর্মকর্তাকে বদলির আদেশ দেয়া হয়।
এদিকে পুলিশের লাঠিপেটার অভিযোগে জেলা ছাত্রলীগ রোববার দুপুরে শহরে মিছিল ও নোমানী ময়দানে অবস্থান ধর্মঘট করে।
এ সময় বক্তারা লাঠিপেটার ঘটনায় সহকারী পুলিশ সুপার সাহেব আলী পাঠানসহ দায়ী সকল পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার এবং ঘটনার বিভাগীয় তদন্তের দাবি জানান।
বক্তারা বলেন, মাগুরা পুলিশের মধ্যে জামায়াত-শিবিরের এজেন্ট রয়েছে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে তৎপর।
অবস্থান ধর্মঘটে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য পার্থ সারথি বিশ্বাস, যুবনেতা খুরশিদ হায়দার টুটুল প্রমুখ।
