বাসে রাবি ছাত্রীকে উত্ত্যক্ত, ছাত্রদের ভাংচুর
ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বাসে ভাঙচুর চালিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনার পর পুলিশ বাসটি থানায় নিয়ে গেছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মতিহার থানার ওসি এস এম আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী কৃশান পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-১৪-২৬৫৭) ওঠেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মামুনুর রশিদ মামুন এবং তার বান্ধবী একই বিভাগের এক ছাত্রী।
তারা টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন। বাসে ওঠার পর বাসটির তত্ত্ববধায়ক মামুনের বান্ধবীকে উত্ত্যক্ত করে বলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশকে জানান।
বিষয়টি মামুন ফোনে ক্যাম্পাসের বন্ধুদের জানালে সন্ধ্যা ৭টার দিকে তারা বিশ্ববিদ্যালয় গেটে বাসটি আটকে ভাঙচুর করে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ সময় বাসের চালক, তত্ত্বাবধায়ক ও সহকারী পালিয়ে গেছে। পরে পুলিশ গিয়ে বাসটি থানা নিয়ে আসে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি ঘটনাটি শুনেছি। কিছু ছেলে একটি বাস ভাঙচুর করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।
