২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মার অঙ্গীকার পূরণ হবেই’

বিশ্ব ব্যাংককে ‘না’ বলে দেয়ার পর প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিকল্প ব্যবস্থায় পদ্মা সেতু নির্মাণের দৃঢ় প্রত্যয় জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুলি মুহিত।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 07:23 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

Image
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

তিনি আশা করছেন, এ প্রকল্পে অর্থায়নের চুক্তি করা অন্য তিন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) সরকারের পাশে থাকবে।  

দুর্নীতির অভিযোগ নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর বৃহস্পতিবার বিশ্ব ব্যাংককে আনুষ্ঠানিক চিঠি দিয়ে অর্থায়নের অনুরোধ প্রত্যাহার করে বাংলাদেশ।  

শুক্রবার বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ সরকার গতকাল বিশ্ব ব্যাংককে জানিয়েছে, তারা পদ্মা সেতুর জন্য অর্থায়নের অনুরোধ প্রত্যাহার করে নিচ্ছে।”

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকালে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রয়োজনে নিজেদের অর্থায়নেই এ প্রকল্পের বাস্তবায়ন হবে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি তো আগেই বিশ্ব ব্যাংককে বলেছিলাম, তোমরা তোমাদের সিদ্ধান্ত জানাও। তারপরও কোনো সাড়া না পেয়ে গতকাল আমি বিশ্ব ব্যাংক, এডিবি, আইডিবি ও জাইকাকে চিঠি দিয়েছি।

“বিশ্ব ব্যাংককে বলেছি, অর্থায়ন পুনর্বিবচেনার যে অনুরোধ আমরা করেছিলাম, তা আমরা প্রত্যাহার করছি। এখন আমাদের এ প্রকল্পে তোমাদের অর্থায়নের আর প্রয়োজন নেই।”

মুহিত জানান, এডিবি, আইডিবি ও জাইকাকে দেয়া চিঠিতে তিনি পদ্মা প্রকল্পে তাদের থাকতে অনুরোধ করেছেন।

“আমার বিশ্বাস, তারা আমাদের এ প্রকল্পে সংশ্লিষ্ট থাকবে”, বলেন মন্ত্রী।

অর্থায়নের অনুরোধ ফিরিয়ে নেয়ায় বিশ্ব ব্যাংকের অন্য প্রকল্পগুলোতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও তিনি আশা প্রকাশ করেন। 

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পদ্মা সেতুর ভবিষ্যৎ এখন কি হবে- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন, নিজস্ব অর্থায়নে আমরা এ প্রকল্প বাস্তবায়ন করব। সে লক্ষ্য সামনে রেখেই আমরা দ্রুত কাজ শুরু করব।”

“আওয়ামী লীগ নির্বাচনের আগে পদ্মা সেতু নির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই অঙ্গীকার পূরণে এখন আমরা দ্রুত অগ্রসর হব”, বলেন অর্থমন্ত্রী।  

২৯০ কোটি ডলারের এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল। আর এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং আইডিবি ১৪ কোটি ডলার দেয়ার জন্য চুক্তি করে সরকারের সঙ্গে।

কিন্তু কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর ২০১১ সালের সেপ্টেম্বরে চুক্তি স্থগিত করে বিশ্ব ব্যাংক। দুদক এরপর তদন্ত শুরু করলেও সরকারের সঙ্গে মতভেদ না কাটায় গত জুন মাসে বিশ্ব ব্যাংক ঋণচুক্তি বাতিল করে। এরপর সরকারের নানামুখী তৎপরতায় তারা সিদ্ধান্ত বদলায়।

তাদের দেয়া শর্ত অনুযায়ী তিন সদস্যের একটি পর্যবেক্ষক প্যানেল দুদকের তদন্ত পর্যবেক্ষণে দুই দফা ঢাকা সফর করে। বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ওই প্যানেলের প্রতিবেদন পেলে তবেই তারা অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেবে।

বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষকরা ডিসেম্বরে ঢাকা ছাড়ার পর এক মাসেও কোনো সাড়া না পেয়ে গত ২৩  জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, জানুয়ারিতে বিশ্ব ব্যাংকের সাড়া না পেলে ‘বিকল্প অর্থায়নে’ পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে।

বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে অনিশ্চয়তার কারণে গত বছর মালয়শিয়া সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা এগিয়ে নেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। দুইপক্ষের মধ্যে সমঝোতাও হয়।

এছাড়া প্রধানমন্ত্রীর উদ্যোগে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ অনুদান নিয়ে এ প্রকল্প বাস্তবায়নেরও প্রক্রিয়া শুরু হয় গতবছর। অনুদানের অর্থ সংগ্রহের জন্য দুটি ব্যাংক অ্যাকাউন্টও খোলা হয় সে সময়।

এর মধ্যে দেশের অনুদান সংগ্রহের জন্য সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে ২৫ ডিসেম্বর পর্যন্ত জমা পড়ে ৬৩ হাজার টাকা। আর প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অনুদানের অর্থ নিতে যে হিসাব খোলা হয়েছিল- তাতে ওই সময় পর্যন্ত জমা পড়েছিল এক হাজার ডলার।

পুরনো খবর:

বিশ্ব ব্যাংকের অর্থ নেবে না বাংলাদেশ