২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএসপি মিজানুরের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ

গাজীপুরের একটি কারখানার কর্মকর্তাদের রড দিয়ে পেটানোর ঘটনায় এএসপি মিজানুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 05:14 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বৃহস্পতিবার এঘটনা তদন্তে গঠিত কমিটি ওই সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে বলে জানিয়েছেন গাজীপুর পুলিশ সুপারিনটেনডেন্ট আবুল বাতেন।  

আবুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় একটি কারখানার কর্মকর্তাদের পেটানোর অভিযোগ তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এতে সহকারি পুলিশ সুপার মিজানুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে।

গত ২৬ জানুয়ারি রাতে নয়নপুর এলাকায় ডিবিএল গ্রুপের ডিবিএল সিরামিক্স কারখানায় পেটানোর ঘটনা ঘটে।

কারখানা কর্মকর্তারা জানান, ওইদিন রাত সাড়ে ১২টার দিকে কারখানার উত্তরপাশে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের কাজ চলছিল। এসময় এএসপি মিজানুর রহমান কয়েকজন পুলিশ ও এলাকার কিছু লোকজন নিয়ে টিনের তৈরি সীমানা প্রচীর ভেঙে ফেলে। খবর পেয়ে কারখানার সাইড সুপাভাইজার উত্তম রায়, স্টোরকিপার নূরুল ইসলাম ও লেবার কন্ট্রক্টার সুজন এগিয়ে এলে মিজানুরের নির্দেশে পুলিশ সদস্যরা তাদের তিনজনের বেঁধে লোহার রড দিয়ে পেটায়। আহত অবস্থায় তাদেরকে শ্রীপুর থানা হাজতে নিয়ে রাখে তারা।

পরদিন সকালে পুলিশ সুপার আব্দুল বাতেনের পরামর্শে একটি মুচলেকা দিয়ে থানা থেকে তাদের ছাড়িয়ে নেয় কারখানা কর্তৃপক্ষ। আহতদের প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাদের মধ্য থেকে উত্তম রায়কে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে ওই রাতেই ৩টার দিকে আমি শ্রীপুর থানায় যাই। থানার ওসির সহায়তায় আটক তিনজনের সাথে দেখা করি।”

পরে ঘটনার প্রতিকার চেয়ে পুলিশের আইজি, ঢাকা রেঞ্জের ডিআইজি ও গাজীপুরের পুলিশ সুপারের কছে অভিযোগ দায়ের করা হয় বলে জানান বোরহান।

কারখানা কর্তৃপক্ষের অভিযোগের পর অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিব কুমার রায়কে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন গাজীপুরের পুলিশ সুপার। তদন্ত শেষে বৃহস্পতিবার এসপির কাছে ওই প্রতিবেদন জমা দেন সঞ্জিব কুমার রায়।