২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবী-বিচারকরা খোশ-গল্পে মেতে উঠেন

জামায়াতের ডাকা হরতালের দিন সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো দেশের আইন অঙ্গনের সবচেয়ে বড় মিলন মেলা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 02:20 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকেই আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ পাশে বিশাল প্যান্ডেলে আসতে শুরু করেন বিচারপতি-আইনজীবীরা। ধীরে ধীরে বাড়তে থাকে জমায়েত। আগত অতিথিরা পরস্পরের সঙ্গে খোশ-গল্পে মেতে উঠেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদি প্যান্ডেলের প্রবেশপথে দাড়িয়ে অভ্যাগতদের স্বাগত জানান।

বেলা সোয়া একটার পর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া, বিচারপরি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী ভোজ সভায় আসেন। তবে আপিল বিভাগের অপর বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ভোজে দেখা যায়নি। আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. শামসুল ইসলামও আসেন।

সাবেক প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন, আপিল বিভাগের বিচারপতি এমএ মতিন ভোজে যোগ দেন। তারা বসেন আপিল বিভাগের বর্তমান বিচারপতিদের সঙ্গে। এই টেবিলে বসেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মূল প্রবেশ পথ পেরিয়ে প্রথম টেবিলে বসেন ব্যারিস্টার রফিক উল হক, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার নাজমুল হুদা, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকসহ আরো কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী।

দ্বিতীয় টেবিলে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. এম জহির ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ অন্যরা। অবশ্য এ দুটি টেবিলের উপর লেখা ছিল ‘বিচারকদের জন্য সংরক্ষিত’।

এ রকম আরো কয়েকটি সংরক্ষিত টেবিলেও জ্যেষ্ঠ আইনজীবীদের বসতে দেখা গেছে, আবার সংরক্ষিত টেবিলের বাইরেও বিচারকদেরকে বসতে দেখা যায়। তবে কোনো কোনো টেবিলে একত্রেই বসেন বিচারক-আইনজীবীরা, মেতে উঠেন গল্পে।

প্রধান বিচারপতির পাশের টেবিলে বসেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, হাই কোর্ট বিভাগের বিচারপতি ও ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান নিজামুল হক, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও মুরাদ রেজাসহ অন্যরা।

সরকারপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার এম আমীর উল ইসলাম ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের সঙ্গে একই টেবিলে বসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী আহমেদ আজম খান।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সঙ্গে একই টেবিলে বসেন বিএনপি সমর্থিত গ্রুপ থেকে নির্বাচিত বার কাউন্সিলের সদস্য গোলাম মোস্তফা খান।

প্রথম দফায় ভোজে অংশ নেন বিএনপি দলীয় সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। এ সময় ঘুরে ঘুরে আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু।

ওয়েটারকে ডেকে তিনি বললেন, “পাপিয়ার টেবিলে খাবার শেষ হয়ে গেছে। তাকে আরো দাও, বেশি করে দাও।”

বুধবার জামায়াত হরতাল ডাকার পর পূর্ব নির্ধারিত এই ভোজ সভা কিছুটা অনিশ্চয়তায় পড়ে। তবে পরে বারের নেতৃবৃন্দের অনুরোধে ঢাকায় হরতার অর্ধ দিবস করে জামায়াত।

ভোজ শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন সন্তোষ প্রকাশ করে বলেন, “সফলভাবেই হয়েছে এই অনুষ্ঠান।”

এ ভোজসভায় সুপ্রিম কোর্ট বারের আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক জনসংযোগ চালিয়েছেন। বড় দুই দফা ভোজের কোনটিতেই তারা অংশ নেননি। তাদের অনেককে পরে আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের সঙ্গে খাবার খেতে দেখা যায়।

প্রতিবছরই আইনজীবী সমিতির আয়োজনে এভাবে বার্ষিক ভোজ হয়ে থাকে। কোনো কোনো বছর বারের বিদায়ী সভাপতি-সম্পাদকরাও ভোজের আয়োজন করে থাকেন। এ বছর আগামী বৃহস্পতিবার বিদায়ী সভাপতির ভোজ রয়েছে।

আগামী মার্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। গত নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ও বিএনপির সাবেক আইন সম্পাদক জয়নুল আবেদীন সভাপতি নির্বাচিত হন। পরে সম্প্রতি খালেদা জিয়ার উপদেষ্টা মনোনিত হন তিনি।

অন্যদিকে ওই নির্বাচনে সম্পাদক নির্বাচিত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মমতাজ উদ্দিন মেহেদি।