সিরাজগঞ্জে ট্যাঙ্কলরি বিস্ফোরণে শ্রমিক নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুরে তেল ভর্তি ট্যাঙ্কলরি বিস্ফোরিত হয়ে এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মনিহার সিনেমা হলের সামনে যান্ত্রিক ক্রুটি সারানোর সময় এ বিস্ফোরণ হয়। আরো অন্তত সাত জন আহত হয়েছেন এ সময়।
আমিরুল ইসলাম উপজেলার দ্বারিয়াপুর এলাকার বাসিন্দা। তিনি নগরবাড়ি-বগুড়া সড়কের আসাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে কাজ করতেন।
শাহজাদপুর থানার ওসি আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে বাঘাবাড়ি সংরক্ষিত ডিপো থেকে তেল ভর্তি করে ট্যাঙ্কলরিটি গন্তব্যে রওয়ানা হয়। পথে লরিটির ট্যাঙ্ক ফুটো হয়ে তেল পড়তে থাকে।
চালক তখন আসাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে লরিটি মেরামতের জন্য নিয়ে যান। ফুটোটি সারানোর জন্য গ্যাসের হোল্ডার দিয়ে ঝালাই দেয়ার সময় তেলের সংস্পর্শে আগুন লেগে বিকট শব্দে লরিটির বিস্ফোরিত হয়।
এতে ঘটনাস্থলে থাকা সাত জন গুরুতর আহত হয়েছেন।
গুরুতর আহত আমিরুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় প্রায় ঘণ্টাখানেক ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে চার জনের নাম পাওয়া গেছে।
এরা হলেন- নুরুল আমিন, সূর্য্য, আনোয়ার হোসেন ও ইউসুফ হাজী। তাদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
