সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা
অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগে এবার নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকের একটি শাখার ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
বৃহস্পতিবার দুপুরে দায়ের করা এ মামলায় ‘মেসার্স ইউরো ফ্যাশন ওয়ার’ এর মালিক জসিম উদ্দিন সরকারকে প্রায় ২১ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতে সহায়তার অভিযোগ আনা হয়েছে ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে।
মামলার আসামিরা হলেন- সোনালী ব্যাংকের সাবেক মহিলা শাখার (বর্তমানে ফরেন এক্সচেঞ্জ) ব্যবস্থাপক আব্দুস সামাদ (চাকরিচ্যুত), ব্যাংক কর্মকর্তা আবু হানিফ বেপারী (চাকরিচ্যুত), নারায়ণগঞ্জ প্রিন্সিপাল কার্যালয়ের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জি এম বাকী বিল্লাহ।
দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের (অনুসন্ধান ও তদন্ত-২) উপ-পরিচালক মো. আবু সাঈদ আহম্মেদ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এই মামলাটি করেন।
মামলার বরাত দিয়ে সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলসির মাধ্যমে ‘মেসার্স ইউরো ফ্যাশন ওয়ার’ এর মালিক ২১ কোটি ৬৮ লাখ ৮ হাজার ৭১৫ টাকা আত্মসাত করেছেন। এই অর্থ আত্মসাতে সহায়তা করেন ব্যাংকের এই তিন কর্মকর্তা।
মামলাটি দুদক তদন্ত করবে বলে ওসি জানান।
গত বছর বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, কতিপয় কর্মকর্তার যোগসাজশে নিয়ম ভেঙে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ছয়টি প্রতিষ্ঠান তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে ফেলেছে, যার মধ্যে হলমার্ক গ্রুপ একাই তুলে নিয়েছে দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি।
এ ঘটনা সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগে সোনালী ব্যাংকের অন্তত ২০ জন কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওএসডি করা হয়েছে দুই উপ ব্যবস্থাপনা পরিচালককে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তদন্তও শুরু হয়েছে।
