মাদারীপুরে গলাকাটা লাশ উদ্ধার
মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাজৈর থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনুমানিক ২৫/২৬ বছর বয়সী ওই যুবকের পকেট থেকে ফেরীতে গাড়ি পারাপারের টাকার রশিদ এবং মোহাম্মদপুর ট্রাক শ্রমিক কল্যাণ সমিতির একটি টোকেন পাওয়া গেছে।
উপজেলার গোবিন্দপুর গ্রামে মালেক মাস্টারের ক্ষেতে সকালে গলাকাটা লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
যুবকের পরনে কালো প্যান্ট ও কালো শার্ট ছিল বলে জানান ওসি ।
ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”
পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান তিনি।
