চট্টগ্রামে গাড়িতে আগুন, ভাংচুর
গাড়িতে আগুন, ভাংচুর ও ধাওয়া পাল্টাধাওয়ার মধ্যে শেষ হয়েছে চট্টগ্রামে জামায়াতে ইসলামীর আধাবেলার হরতাল।
সকাল ৮টার দিকে বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় একটি হিউম্যান হলারে (রাইডার) আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা।
এছাড়া লালদীঘি এলাকায় এবং চকবাজার পিপলস হাসপাতালের সামনে দুইটি টেম্পো ভাংচুর ও আগুন দেয়ার চেষ্টা করে তারা। বিভিন্ন স্থানে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টাও করে পিকেটাররা।
তবে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) খেলা থাকায় দুপুর ১২টার পর থেকে হরতাল শিথিল করে দেয় দলটি।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল, আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা এবং ঢাকা ও চট্টগ্রামে আধাবেলার এই হরতাল করে জামায়াতে ইসলামী।
পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে লালদীঘি এলাকায় একটি টেম্পোতে আগুন দেয়ার চেষ্টা করেছে পিকেটাররা। এছাড়া শিবির কর্মীরা কয়েকটি স্থানে অতর্কিত ভাবে এসে গাড়ি ভাংচুর ও টায়ার জ্বালিয়ে পালিয়ে যায়।”
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মো. হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ৮টার দিকে বন্দর থানার মাইলের মাথা এলাকায় একটি টেম্পোতে আগুন দেয়ার চেষ্টা করে হরতাল সমর্থকরা। এছাড়া বেশ কয়েকটি স্থানে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছে তারা।
এদিকে ভোররাতে খুলশী থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে পরিত্যক্ত আবস্থায় ১০টি হাতবোমা উদ্ধার করে পুলিশ।
হরতালে দূর পাল্লার কোনে বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো।
