আশুলিয়ায় প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীদের আগুন
আশুলিয়ার নরসিংহপুরে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে একটি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা আগুন দিয়েছে প্রতিষ্ঠানের কার্যালয় ও ছাত্রবাসে।
বুধবার রাতে ওই আগুন নেভাতে গেলে শিক্ষার্থীরা অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীদের মারধরও করে বলে পুলিশ জানিয়েছে।
রাত ৯টার দিকে সিঙ্গাপুর পাইলিং আউটপয়েন্ট স্কিল সেন্টার-২ নামে ওই প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় হয়। এতে বিদেশগামী শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া হয়।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা মো. ইয়াকুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে তিনটি ছাত্রাবাস, দুটি ট্রেনিং ফ্লোর ও একটি অফিস কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে।
প্রতিষ্ঠানটির অপর নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত সার্জেন্ট রেজাউল করিম বলেন, আগে ট্রেনিং শেষে ৪৫ জনকে সিঙ্গাপুরে পাঠানো হত। এখন পাঠানো হয় ২৫ জন করে।
“এনিয়ে গত কয়েকদিন ধরে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বিরোধ চলছিল। এর জের ধরে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা।”
আগুন নেভাতে গিয়ে ডিইপিজেড শাখার দুটি ইউনিট ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীরা তাদের মারধর করে।
এসময় স্টেশন অফিসার আনোয়ার হোসেনসহ ৫/৬ জন কর্মী আহত হন বলে ওসি জানান।
যে তিনজনকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন- মোস্তাফিজুল আলম (২৮), মো. সুমন (২০) ও শহীদুল (২২)। এর মধ্যে শেষের দুজন ওই প্রতিষ্ঠানের ছাত্র বলে নিশ্চিত করেন ওসি।
তিনি আরো বলেন, রাত ৯টা থেকে নরসিংহপুর বাসস্ট্যান্ড এলাকায় ছাত্ররা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশের হস্তক্ষেপে রাত ১২টার দিকে তারা সড়ক ছাড়ে।
